ছবি: আপন দেশ
দেশের একমাত্র ঔষধি গ্রাম হিসেবে পরিচিত নাটোরের লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া এলাকার ভেষজ উদ্ভিদ চাষিদের দক্ষতা উন্নয়ন, নিরাপদ উৎপাদন ও বাজারজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় নাটোর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নাটোরের লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নে দেশের মধ্যে সর্বাধিক পরিমাণে ভেষজ উদ্ভিদ উৎপাদিত হচ্ছে। এখানকার উৎপাদিত ভেষজ উদ্ভিদ ওষুধ, প্রসাধনী ও বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরিতে ব্যবহৃত হচ্ছে। ভেষজ উৎপাদনের এ অপার সম্ভাবনাকে আরও সম্প্রসারণ করতে হবে। এজন্য বিপণন ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ উৎপাদন নিশ্চিত করা এবং চাষিদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তিতে প্রশাসন ও কৃষি বিভাগ কাজ করে যাবে।
আরও পড়ুন<<>>সশস্ত্র বাহিনী যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: প্রধানমন্ত্রী
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। দিনব্যাপী এ প্রশিক্ষণে ৫০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় দেশের অর্থনীতিতে ঔষধি উদ্ভিদ চাষের গুরুত্ব, নিরাপদ উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ কৌশল, এসএমই ঋণ, ই-কমার্স, সাপ্লাই চেইন ব্যবস্থাপনা, সমবায় সমিতি গঠন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ঔষধ ও কসমেটিকস আইন, নিরাপদ খাদ্য আইন এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
উল্লেখ্য, দেশের একমাত্র ঔষধি গ্রাম হিসেবে পরিচিত নাটোরের লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া এলাকায় বছরে প্রায় ১৮ হাজার ৫০০ টন অ্যালোভেরা উৎপাদিত হয়। যার বাজারমূল্য প্রায় ৬০০ কোটি টাকা। এ ছাড়া শিমুলমূল, অশ্বগন্ধাসহ বিভিন্ন প্রজাতির প্রায় দুই হাজার টন ভেষজ উদ্ভিদ উৎপাদিত হয়। সব মিলিয়ে এ অঞ্চলের ভেষজ পণ্যের বার্ষিক বাজারমূল্য অন্তত এক হাজার কোটি টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































