ছবি: আপন দেশ
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ মো. রাজু ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তার স্ত্রী মোছা. রুমা আক্তার (২৫)। পুলিশের দাবি, আটক ব্যক্তি ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত।
সোমবার (২৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ঠাকুরগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের পূর্ব পাশে পাকা রাস্তার ওপর কয়েকজন মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন বলে খবর পায় পুলিশ। পরে এসআই মো. রমজান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল রাত ৭টা ৫০ মিনিটে সেখানে অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দুজন পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে রাজু ইসলামকে আটক করতে সক্ষম হলেও তার স্ত্রী রুমা আক্তার পালিয়ে যান। পরে জিজ্ঞাসাবাদে আটক রাজু পালিয়ে যাওয়া নারী তার স্ত্রী বলে জানান।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে রাজু ইসলামের দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া তার ফেলে দেয়া আরেকটি পলিথিন থেকে আরও ৩০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। সব মিলিয়ে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার ওজন ৪ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা।
আরও পড়ুন<<>>টাঙ্গাইলে ১৬ মাসে ৫৮২ ট্রান্সফরমার চুরি
এ সময় মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি ওয়ানপ্লাস অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও সিমসহ একটি সিম্ফনি বাটন ফোন জব্দ করা হয়। জব্দ করা ফোন দুটির আনুমানিক মূল্য ১২ হাজার টাকা।
আটক রাজু ইসলাম ঠাকুরগাঁও পৌরসভার ডিসি বস্তি এলাকার বাসিন্দা। তার স্থায়ী ঠিকানা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালীবাড়ী। অন্যদিকে পলাতক রুমা আক্তার ডিসি বস্তির শাহাপাড়া নতুন ব্রিজসংলগ্ন এলাকার বাসিন্দা।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, এ দম্পতি দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় এসআই মো. রমজান আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেছেন।
ঠাকুরগাঁও সদর থানার ওসি সরোয়ার আলম খান বলেন,পলাতক আসামিকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































