Apan Desh | আপন দেশ

থানা ঘেরাও করে ভাঙচুরের অভিযোগে মামলা, গ্রেফতার ১

পাবনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:০৭, ২৪ নভেম্বর ২০২৬

থানা ঘেরাও করে ভাঙচুরের অভিযোগে মামলা, গ্রেফতার ১

ছবি: আপন দেশ

‎পাবনার বেড়া মডেল থানা ঘেরাও করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনার চারদিন পর মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

বেড়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আটটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, থানার এসআই ইমদাদ আলী বাদি হয়ে সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে মামলাটি দায়ের করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। আসামিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থক বলে দাবি ওসির।

ওসি গোলাম মোস্তফার ভাষ্য, মামলায় অভিযুক্তকদের বিরুদ্ধে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ, ভাঙচুর, বিশৃঙ্খলা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

ওসি আরও জানান, মামলার পর রাতেই অভিযান চালিয়ে সাইফুল ইসলাম (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাইফুল উপজেলার সম্ভুপুর এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন<<>>সশস্ত্র বাহিনী যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, ‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বৃশালিখা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিল নিয়ে তারা বেড়া মডেল থানার সামনে গিয়ে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় থানার একটি গেট ভাঙচুর করে। খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ধাওয়া দিলে সংঘর্ষ বাধে এবং মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

তার কিছুক্ষণ পর বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেয়া হয়। তবে কে বা কারা আগুন দেয়, তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে এ ঘটনার জের ধরে ১৯ নভেম্বর রাত থেকে তিনদিন ধরে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় টানা সংঘর্ষ চলে। তবে সংঘর্ষের ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি বলে জানান থানার ওসি গোলাম মোস্তফা।
আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়