Apan Desh | আপন দেশ

স্বর্ণদ্বীপের মহড়া শেষে সচিবালয়ে দাফতরিক কাজে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫৬, ২৪ নভেম্বর ২০২৬

স্বর্ণদ্বীপের মহড়া শেষে সচিবালয়ে দাফতরিক কাজে প্রধানমন্ত্রী

ছবি: আপন দেশ

সারাদিন রোদে-গরমে স্বর্ণদ্বীপে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের দীর্ঘ কর্মসূচি শেষে ক্লান্ত শরীর নিয়ে বিশ্রামে ফেরার কথা থাকলেও তা করেননি তিনি।

বরং দিনের কাজ শেষ না করেই ঘরে ফিরতে নারাজ প্রধানমন্ত্রী ছুটে গেছেন সচিবালয়ে। সন্ধ্যা নামার পরও সেখানে চালিয়েছেন গুরুত্বপূর্ণ দাফতরিক কার্যক্রম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী।

সেখানে প্রবেশের পর নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উপস্থিতি নিশ্চিত করেন তিনি। এরপর একে একে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও দাপ্তরিক কাজে অংশ নেন।

তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যেতে সকাল সাড়ে ৮টায় বাসা থেকে বের হন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন <<>> ‘প্রত্যর্পণ চুক্তিতে শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়’

সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকা থেকে স্বর্ণদ্বীপে রওনা হন। বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১- ২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানকে পাশে বসিয়ে আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল (সাঁজোয়া যান) চালিয়ে জয়েন্ট স্পেশাল ফোর্সের চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন।

এসময় প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বিশেষ এ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেন। মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রী ঢাকায় ফেরেন। ফিরেই তিনি সচিবালয়ে দাফতরিক কাজ শুরু করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়