Apan Desh | আপন দেশ

পদ্মা ব্যাংককে রেজল্যুশনের আওতায় আনল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৫, ২৪ নভেম্বর ২০২৬

পদ্মা ব্যাংককে রেজল্যুশনের আওতায় আনল বাংলাদেশ ব্যাংক

ফাইল ছবি

ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর আওতায় পদ্মা ব্যাংক পিএলসিকে রেজল্যুশনের আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। তবে আপাতত ব্যাংকটিতে কোনো প্রশাসক নিয়োগ দেয়া হচ্ছে না। ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকসেবা যথারীতি অব্যাহত থাকবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ব্যাংকিং খাতের সার্বিক স্থিতিশীলতা ও সুশাসন বজায় রাখা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে চলমান আর্থিক খাত সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, গত এক দশকেরও বেশি সময় ধরে খেলাপি ঋণ, মূলধন ঘাটতি, তারল্য সংকট ও সুশাসনের অভাবসহ বিভিন্ন কারণে পদ্মা ব্যাংক পিএলসি আর্থিক দুর্বলতার মুখে পড়ে। কেন্দ্রীয় ব্যাংকের নিবিড় তত্ত্বাবধান, তারল্য সহায়তা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া সত্ত্বেও ব্যাংকটির আর্থিক সূচকে কাঙ্ক্ষিত ও টেকসই পুনরুদ্ধার হয়নি।

আরও পড়ুন <<>> ইফাদ গ্রুপে ঋণ দিয়ে মুসিবতে ৩৩ ব্যাংক

এ পরিস্থিতিতে ব্যাংকটির আর্থিক সক্ষমতা ও কার্যকর হওয়ার সম্ভাবনা পর্যালোচনা করে আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আর্থিক ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রেজল্যুশন আইনের বিধান অনুযায়ী পদ্মা ব্যাংকের জন্য উপযুক্ত রেজল্যুশন কৌশল বা ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। এ প্রক্রিয়ায় আপাতত কোনো প্রশাসক নিয়োগ দেয়া হচ্ছে না।

বাংলাদেশ ব্যাংক আশা প্রকাশ করেছে, এ সংস্কারমূলক পদক্ষেপের মাধ্যমে পদ্মা ব্যাংকের সংকট উত্তরণের পাশাপাশি দেশের সামগ্রিক আর্থিক খাত আরও শক্তিশালী ও টেকসই হবে।

আপন দেশ/কেএম/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়