Apan Desh | আপন দেশ

রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৩:৫০, ২০ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে

ফাইল ছবি

গত ২৪ জুলাই নিজ পদ থেকে পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম। আর ভারপ্রাপ্ত স্পিকার দায়িত্বে আসেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। 

সংবিধান অনুসারে, রাষ্ট্রপতি পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। সব কিছু ঠিক থাকলে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন।  

নির্বাচনের পর রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির শপথ বঙ্গভবনে অনুষ্ঠিত হলেও অনুষ্ঠান আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করে মন্ত্রিপরিষদ বিভাগ। 

যেহেতু স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে আছেন, এতে করে প্রশ্ন আসা স্বাভাবিক যে তাহলে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে? 

আরও পড়ুন<<>>রাষ্ট্রপতি নির্বাচন আজ, ৩৫ বছর পর সরাসরি ভোট

নিয়ম অনুযায়ী স্পিকারের দায়িত্বে যিনি থাকেন তিনি রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান। তারপরও বিষয়টি স্পষ্ট করতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আইন মন্ত্রণালয়ের কাছ থেকে মতামত নেয়া হয়েছে। 

আইন মন্ত্রণালয় বলেছে, বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায়, সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদের বিধান অনুসারে স্পিকারের যাবতীয় দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করছেন। 

বর্তমান প্রেক্ষাপটে সংবিধানের ৭৪(৩) অনুযায়ী ডেপুটি স্পীকার যেহেতু স্পিকারের সব দায়িত্ব পালন করে থাকেন, সে হিসাবে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানোর জন্যও তিনি (ডেপুটি স্পিকার) সাংবিধানিকভাবে যথাযথ কর্তৃপক্ষ।

আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ শপথের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।  

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement