ছবি: আপন দেশ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ঢাকাবাসীকে ঢাকাকে নিজের মনে করতে হবে। তবেই শহরের প্রতি তাদের দরদ তৈরি হবে।
তিনি বলেন, তিনি মেয়র নির্বাচিত হতে পারলে ঢাকাবাসীর জন্য আরও বেশি কিছু করতে পারবেন। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
সোমবার (১০ আগস্ট) নগর ভবনে বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় সংগঠনের সভাপতি নূরুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোমিন হোসেন, সহসভাপতি এ বি এম রফিকুর রহমান ও মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অনজন রহমান, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক সুমন ইসলাম, দফতর সম্পাদক আতিকুল ইসলাম, জনকল্যাণ সম্পাদক নূরুন্নবী রবি এবং সদস্য গ্যালমান শফি, লুৎফর রহমান, দেলোয়ার হোসেন বাদল ও কুশর ইয়াসির বক্তব্য দেন।
আবদুস সালাম বলেন, ঢাকাভিত্তিক যে কোনো উদ্যোগে সিটি করপোরেশন আপনাদের পাশে থাকবে।
প্রশাসক বলেন, আমরা চাই সিটি করপোরেশন আরও জোরদার হোক। জনগণের সঙ্গে আরও সম্পৃক্ত হোক। ঢাকা সিটি করপোরেশনের জনগণের সঙ্গে যেভাবে সম্পৃক্ত থাকা দরকার ছিল সেভাবে নেই।
প্রশাসক বলেন, আমরা ঢাকাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছি। এই মহাপরিকল্পনা বাস্তবায়নে আপনাদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করছি। আপনাদের লেখনীর মাধ্যমে নাগরিক সমস্যাগুলো যখন উঠে আসে, তখন আমাদের পক্ষে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেয়া সহজ হয়। তাই গণমাধ্যমকে আমরা উন্নয়নের অন্যতম প্রধান অংশীদার মনে করি।
আরও পড়ুন <<>> ব্যাংক রেজল্যুশন, ভিসা নীতি-মানবাধিকার কমিশন আইন অনুমোদন
তিনি বলেন, আপনারা জানেন ১৬১০ সালে সুবাহ বাংলার রাজধানী হিসেবে পথচলা শুরু করে আমাদের এ প্রিয় ঢাকা আজ ৪১৬ বছরে পদার্পণ করেছে। ঐতিহ্য ও গৌরবের এ দীর্ঘ পথপরিক্রমা উদযাপন উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ‘হৃদয়ে ঢাকা’ শীর্ষক বিশেষ উৎসবের আয়োজন করেছে। ৪১৬ বছরের পুরনো এ নগরীর বর্তমান নাগরিক সমস্যা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো আপনাদের লেখনীতে বস্তুনিষ্ঠভাবে উঠে আসুক, সেটাই আমাদের প্রত্যাশা।
বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন আহমেদ বলেন, ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ‘হৃদয়ে ঢাকা’ উৎসবের উদ্যোগকে সাধুবাদ জানাই। তিনি বলেন, ঢাকা ভিত্তিক যে কোনো কার্যক্রমে আমাদের সংগঠন সিটি করপোরেশনের পাশে থাকবে।
সাধারণ সম্পাদক মোহাম্মদ মোমিন হোসেন বলেন, ঢাকার সাংবাদিকদের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে আমরা আপনার সহযোগিতা কামনা করি। একই সাথে, নগর ভবনের যেকোনো উন্নয়নমূলক বা জনকল্যাণমুখী কাজে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।
তিনি বলেন, একজন দক্ষ প্রশাসক হিসেবে আপনার নেতৃত্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নাগরিক সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে সে প্রত্যাশা রইলো।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































