Apan Desh | আপন দেশ

বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৮:০৬, ৫ আগস্ট ২০২৬

বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী

ছবি: আপন দেশ

বাংলাদেশ আর কখনোই কোনো তাবেদারী রাষ্ট্রের অবস্থায় ফিরে যাবে না। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রাখতে মন্ত্রণালয় সক্রিয় ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

তিনি বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশকে কোনোভাবেই পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না বর্তমান সরকার। দেশের আত্মমর্যাদা, নিজস্ব সক্ষমতা ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিশ্বসম্প্রদায়ের সঙ্গে সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলাই হবে বর্তমান পররাষ্ট্রনীতির মূল স্তম্ভ।

বুধবার (০৫ আগস্ট) ফরেন সার্ভিস অ্যাকাডেমির আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট-পরবর্তী সময় মোটেও মসৃণ ছিল না। তখন প্রধান উপদেষ্টা আমাকে সরকারের দায়িত্ব পালনের জন্য আহবান জানান। পরে তিনি আমাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার) হিসেবে দায়িত্ব দেন। 

তখন আমাদের সামনে অন্তত তিনটি বড় চ্যালেঞ্জ ছিল। প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করা, সরকারের স্থিতিশীলতা বজায় রাখা।, পুরো রূপান্তর (ট্রানজিশন) প্রক্রিয়াটি যেন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সম্পন্ন হয়, তা নিশ্চিত করা। 

আরও পড়ুন<<>>জুলাই সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ

মন্ত্রী বলেন, নানা ধরনের বাধা ও সমস্যা থাকলেও আমরা তিনটি লক্ষ্যই অর্জন করতে পেরেছি। নির্বাচন ছিল অত্যন্ত উৎসবমুখর। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকরাও এটিকে একটি চমৎকার নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন। আমরা যেসব আশঙ্কা করেছিলাম, সেগুলোর কোনোটিই বাস্তবে ঘটেনি। ফলে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। আন্দোলনের প্রতিটি শহীদ তাদের অসীম সাহস, নির্ভীক দৃষ্টিভঙ্গি ও দেশপ্রেমের মাধ্যমে আমাদের জন্য অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। একই সঙ্গে ঐতিহাসিক আত্মত্যাগের জীবন্ত সাক্ষী হয়ে যারা আমাদের মাঝে রয়েছেন, তাদের প্রতিও আমি গভীর সমবেদনা জানাই।

মন্ত্রী আরও বলেন, তাদের ত্যাগ, সাহস ও অদম্য মনোবল দেশ ও মানুষের কল্যাণে আত্মোৎসর্গের আদর্শে আমাদের প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

নিজের লিখিত বক্তব্যের বাইরে এসে তিনি বলেন, দুই মাস আগে ঠিক এ সময়ে আমরা কী পরিস্থিতির মধ্যে ছিলাম, তা নিশ্চয়ই সবার মনে আছে। অনেকে দেশে ছিলেন, আবার অনেকে বিদেশে ছিলেন। বিদেশ থেকে আমরা দেখেছি, কীভাবে আমাদের তরুণ-তরুণীরা নির্মম নির্যাতনের শিকার হচ্ছিলেন। প্রাণ হারাচ্ছিলেন এবং আহত হচ্ছিলেন। সে পরিস্থিতি দেখে নিশ্চুপ থাকা সম্ভব ছিল না।

তিনি বলেন, একপর্যায়ে ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছিল। এমন পরিস্থিতি আমি আগে কখনো দেখিনি। এমনকি মুক্তিযুদ্ধের সময়ও তথ্যপ্রবাহ এভাবে পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। বাংলাদেশের ইতিহাসে এটি ছিল অন্যতম অন্ধকার ও নৃশংস সময়। স্বাধীনতার পর এমন পরিস্থিতি আর দেখা যায়নি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর মোহাম্মদ আব্দুল মুহিত।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement