Apan Desh | আপন দেশ

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৮:৫৫, ১২ জুলাই ২০২৬

আপডেট: ০৯:০৫, ১২ জুলাই ২০২৬

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন

ফাইল ছবি

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটের দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৫ বছর।  

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের নামাজে জানাজা রোববার বাদ জোহর ধানমন্ডি তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। তার পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ব্যক্তিগত জীবনে ব্যারিস্টার জমির উদ্দিন স্ত্রী নূর আখতার, কন্যা নিলুফার জমির এবং দুই ছেলে—নওশাদ জমির এমপি ও নওফেল জমিরকে রেখে গেছেন।

জমির উদ্দিন সরকার ২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর তিনি ওই বছরের ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা এ নেতা বহু বছর দলটির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শিক্ষা, আইন, বিচার ও সংসদীয় বিষয়কসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তিনি একাধিকবার সংসদ সদস্য হিসেবেও নির্বাচিত হন।

আরও পড়ুন<<>>‘জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার’

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ০১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মৌলভী মুহম্মদ আজিজ বক্স এবং মা বেগম ফখরুন্নেছা।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৬১ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে লন্ডনের লিংকনস ইন থেকে ‘ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে আইন পেশায় যুক্ত হয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের একজন খ্যাতিমান বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন।

ছাত্রজীবনেই ১৯৪৫ সালে ছাত্র ফেডারেশনের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। পরে তিনি ছাত্র ইউনিয়ন ও ন্যাপের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন তিনি। শুরু থেকেই দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবনে তিনি পাঁচবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ১৯৭৯, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৯ সালের নির্বাচনে বিজয়ী হয়ে তিনি পঞ্চগড়-১, ঢাকা-৯, বগুড়া-৬ এবং দিনাজপুর-১ আসন থেকে এমপি হিসেবে প্রতিনিধিত্ব করেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আবদুস সাত্তার এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিভিন্ন সময়ে তিনি গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়