Apan Desh | আপন দেশ

দুদক চেয়ারম্যান-কমিশনার নিয়োগে জীবনবৃত্তান্ত আহবান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:৩৯, ২ জুলাই ২০২৬

দুদক চেয়ারম্যান-কমিশনার নিয়োগে জীবনবৃত্তান্ত আহবান

ফাইল ছবি, আপন দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের জন্য জীবনবৃত্তান্ত (সিভি) আহবান করেছে দুদক কমিশন পুর্নগঠন সংক্রান্ত বাছাই কমিটি। সংশ্লিষ্ট আইন অনুযায়ী শুধুমাত্র যোগ্য ও আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে সিভি আহবান করা হয়েছে। 

আবেদনপত্র জমা দেয়ার শেষ সময় সোমবার ( ১৩ জুলাই) বিকেল ৪টা পর্যন্ত। তবে এরইমধ্যে যারা কাগজপত্রসহ আবেদন বা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন, তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই।

বৃহস্পতিবার (০২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি অধিশাখার যুগ্মসচিব তানভীর আহমেদ বাছাই কমিটির নির্দেশক্রমে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের দুর্নীতি দমন কমিশন আইনের ধারা ৮ (১) এর বিধান অনুযায়ী প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকতে হবে। তবে একই আইনের ধারা ৮ (২) অনুযায়ী কোনো ব্যক্তি অযোগ্য হিসেবে বিবেচিত হলে তিনি এ পদের জন্য যোগ্য হবেন না। 

আরও পড়ুন<<>>দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মনিরুল ইসলাম

আবেদনকারীদের জীবনবৃত্তান্তে নিজের নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতার বিবরণ, পেশা বা চাকরির সুনির্দিষ্ট বিবরণ (মেয়াদকালসহ), মোবাইল নম্বর এবং ই-মেইল উল্লেখ করে স্বাক্ষরসহ দাখিল করতে হবে।

সাম্প্রতিক সময়ের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সপক্ষে সকল সনদের কপি আবেদনের সঙ্গে জমা দিতে হবে।

আগ্রহী ব্যক্তিরা বাংলাদেশ সচিবালয়ের ৫ নম্বর গেটে (কেন্দ্রীয় ডাক গ্রহণ কেন্দ্র) অথবা মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি নীতি শাখায় (কক্ষ ১৩৫, ভবন ১, মন্ত্রিপরিষদ বিভাগ) আবেদনপত্র জমা দিতে পারবেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়