Apan Desh | আপন দেশ

কাজী নজরুলকে চার দেয়াল থেকে জনগণের কাছে নেয়ার আহবান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩১, ২ জুলাই ২০২৬

আপডেট: ১২:৫৪, ২ জুলাই ২০২৬

কাজী নজরুলকে চার দেয়াল থেকে জনগণের কাছে নেয়ার আহবান প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সরকারি অফিসের চার দেয়াল থেকে জনগণের কাছে নিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নজরুল বর্ষ উপলক্ষে বৃহস্পতিবার (০২ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক সভায় তিনি এ আহবান জানান।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশ ভূখণ্ডে জন্মগ্রহণ করেননি। তবে তার হৃদয়জুড়ে ছিল বাংলাদেশ। বাংলাদেশও তাকে হৃদয় দিয়ে ভালোবাসে। কিশোরবেলায় ১৯১৪ সালে তিনি প্রথমবারের মতো ময়মনসিংয়ের ত্রিশালে এসেছিলেন। কবির স্মৃতিবিজড়িত সেই ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণার সম্ভাব্যতা খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি সরকার চলতি বছরের ২৫ মে থেকে আগামী ২৫ মে এ বর্ষটিকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে।

তিনি বলেন, বিদ্রোহী কবি, প্রেমের কবি, বিরহের কবি, তারুণ্যের কবি, বাংলাদেশের ঐতিহ্যের কবি,  কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় সাহিত্য সাংস্কৃতিক ইতিহাসের অবিস্মরণীয় নাম। পরাধীন, পর্যুদস্ত, পরাভূত জাতির ভাগ্যাকাশে তার আবির্ভাব ছিল আলোকবর্তিকার মতো। পরাধীনতা, জুলুম, নির্যাতন, শোষণ, অসাম্য, বৈষম্য, কুসংস্কার, তথা যা কিছু অন্যায়, অবিচার ও অসুন্দর, তার বিরুদ্ধে কবির কলম ছিল শানিত অস্ত্র। বিপ্লব বিদ্রোহ কিংবা রণ-সঙ্গীত, ইসলামী তাহজীব তমদ্দুন কিংবা ইসলামী মূল্যবোধের গান, অথবা ভোজন-কীর্তন কিংবা শ্যামা সংগীত, প্রেম প্রকৃতি কিংবা মানবিক মূল্যবোধ, কৈশোরের আনন্দ কিংবা যৌবনের উন্মাদনা, প্রতিটি ক্ষেত্রেই নজরুল আমাদের শুদ্ধ প্রকাশ।

সরকারপ্রধান বলেন, মাতৃভূমিকে ভালোবাসার ক্ষেত্রেও তিনি আমাদের অন্যতম প্রধান দিশারি। আমাদের জীবন, আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন, সংগ্রাম, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য তার রচনার মধ্যে মহিমাময় সৌন্দর্য নিয়ে বাক্সময় হয়েছে। কবি নজরুলের সৃষ্টিশীলতার মধ্যে আতিথ্য রয়েছে সব কালের, সব মানুষের। অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি আমাদের অনুপ্রেরণা। তার প্রাসঙ্গিকতা এবং প্রয়োজন ফুরানোর নয়।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে তার কবিতা ও গান যেমন ছিল অনুপ্রেরণার প্রবল উৎস, তেমনই আমাদের সব আন্দোলন-সংগ্রামে তার সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ প্রতিরোধের মূল ভাষা। তিনি আমাদের যাপিত জীবনের অনিবার্য অংশ। শুধু অতীত ইতিহাস নয়, আজকের প্রজন্মের জন্য, এমনকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও নজরুল আমাদের জীবনে প্রাসঙ্গিক। এ কারণেই আমাদের জাতীয় কবির, জীবন ও কর্মের সঙ্গে, গণমানুষ, বিশেষ করে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরও গভীর ও নিবিড় করার লক্ষ্যে নানা আয়োজনে ‘নজরুল বর্ষ’ শুরু হয়েছে। 

তিনি বলেন, ‘নজরুল বর্ষ’ উদযাপনের লক্ষ্যে আজকের এ উদ্বোধনী অনুষ্ঠানে অনেক সরকারি কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। বেশ কয়েকজন নজরুল গবেষক এবং নজরুল সংগীত শিল্পীও রয়েছেন।আপনাদের অভিনন্দন। তবে একটি আধুনিক আবদ্ধ ঘরে বসে আজ যেভাবে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন করছি, স্মারক ডাক টিকিট এবং লোগো উন্মোচন করছি, এ উদ্বোধনী অনুষ্ঠানকে আমি একটু ভিন্নভাবেই আশা করেছিলাম।’

তারেক রহমান বলেন, আজকের অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে লেখা হয়েছে, সব বিভাগীয় কমিশনার, জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন। এর পরিবর্তে আমন্ত্রণ পত্রে যদি লেখা থাকত, ‘সব বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ে নজরুল গবেষক, নজরুল শিল্পী, নজরুলপ্রেমীরা ভার্চুয়ালি যুক্ত থাকবেন’, সেটি বরং বেশি যৌক্তিক এবং সামঞ্জস্যপূর্ণ হতো বলে আমার বিশ্বাস।

তিনি বলেন, আমার এ উপলব্ধির কারণ, ‘ফ্যামিলি কার্ড’ কিংবা ‘কৃষক কার্ড’ বিতরণ অনুষ্ঠানে যদি বলা হয়, ‘নজরুল গবেষক, নজরুল শিল্পী নজরুলপ্রেমী মানুষেরা ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন’, এটি যেমন অনুষ্ঠানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে হয় না, ঠিক একইভাবে নজরুল বর্ষ উদযাপনে ‘সব বিভাগীয় কমিশনার, জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন’ কথাটিও উদ্দেশ্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মনে হওয়ার যৌক্তিক কারণ রয়েছে।

আরও পড়ুন : গ্যাস বিল পরিশোধের বিষয়ে গ্রাহকদের জরুরি সতর্কবার্তা

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিটি রাষ্ট্র এবং সমাজে এমন কিছু ক্ষণজন্মা মানুষ জন্ম নেন, যারা আমাদের আর্থ সামাজিক রাজনৈতিক জীবন কিংবা আমাদের সাহিত্য সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ আমাদের সামাজিক দর্শন আমাদের মনোজগতে প্রবলভাবে প্রভাব বিস্তার করে থাকেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তেমনই একজন ক্ষণজন্মা ব্যক্তিত্ব। কৈশোর থেকে পরিণত বয়স, আমাদের  জীবনের সব পর্যায়েই তার প্রভাব অপরিসীম।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়