Apan Desh | আপন দেশ

মৌলভীবাজারে পথে প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১০:৩৭, ১৭ জুন ২০২৬

মৌলভীবাজারে পথে প্রধানমন্ত্রী 

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে একদিনের সফরে মৌলভীবাজারে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সড়ক পথে মৌলভীবাজারে যাবেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
 
এর আগে সকাল সাড়ে ৯টায় গুলশানের বাসা থেকে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশে রওয়ানা দেন প্রধানমন্ত্রী।

সফর সূচি অনুযায়ী বুধবার বেলা ১টায় শ্রীমঙ্গল পৌঁছে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

আরও পড়ুন<<>>প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক

পরে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন সরকারপ্রধান। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

সেখান থেকে বিকালে দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে এক সভায় যোগ দেবেন। সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হবেন প্রধানমন্ত্রী।

দেড় দশকের বেশি সময় লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর গত বছরের ২৫ ডিসেম্ব দেশে ফেরেন তারেক রহমান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে ভোটের প্রচারে তিনি মৌলভীবাজারে এসেছিলেন। সে নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করার পর প্রথম মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়