ফাইল ছবি
তুরস্কের কোনিয়া শহরে হতে যাচ্ছে ‘কোনিয়া ওআইসি ইউথ ক্যাপিটাল ২০২৬’ কর্মসূচি। এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে এবং বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে তুরস্কে গেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। রোববার (১০ মে) সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
সফরসূচি অনুযায়ী, আমিনুল হক তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। সেখানে দুই দেশের মধ্যে যুব উন্নয়ন, ক্রীড়া অবকাঠামো উন্নয়ন এবং প্রশিক্ষণ বিনিময়ের বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এছাড়া ক্রীড়া কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে তিনি তুর্কি ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। এতে বাংলাদেশে ফুটবল উন্নয়নে তুরস্কের অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা নেয়ার বিষয়ে আলোচনা হবে।
আরও পড়ুন<<>>দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
সফরের অংশ হিসেবে আমিনুল হক ওয়ার্ল্ড ইথনোস্পোর্ট ইউনিয়নের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলাধুলা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পাশাপাশি সেগুলোর পুনরুজ্জীবন নিয়ে আলোচনা হবে।
এছাড়া তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল একে পার্টির প্রতিনিধিদের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
প্রতিমন্ত্রী আগে থেকেই উল্লেখ করেছেন, বাংলাদেশ বর্তমানে জনসংখ্যাগত সুবিধার গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এ সফর ওআইসি সদস্য দেশগুলোর তরুণদের মধ্যে সম্পর্ক জোরদার এবং দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে নতুন সুযোগ তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সফর শেষে আগামী ১৪ মে তার দেশে ফেরার কথা রয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































