স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
চিকিৎসকদের নিরাপত্তা জোরদারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বড় হাসপাতালে অস্ত্রসহ ১০ জন করে আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
প্রাথমিকভাবে দেশের প্রায় ৫০০ হাসপাতালে তাদের নিয়োগ করা হবে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহবাগে বাংলাদেশ-চীন জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ) এবং চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে জয়েন্ট সার্জারি ক্লিনিক চালুর পথ আরও সুগম হলো।
আরও পড়ুন<<>>জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ উদ্যোগ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। চিকিৎসা শিক্ষা ও সেবা প্রসারে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সমঝোতা শুধু দুইটি প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারিত্ব নয় বরং চিকিৎসা শিক্ষা, সার্জারি, গবেষণা ও দক্ষতা উন্নয়নে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বজায় রেখে আসছে। বিশেষ করে স্বাস্থ্যখাতে চীনের সহায়তা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে তা আরও সম্প্রসারিত হবে।
তিনি জানান, রোবোটিক রিহ্যাবিলিটেশন, কার্ডিওভাসকুলার ক্লিনিকসহ বিভিন্ন আধুনিক চিকিৎসা প্রতিষ্ঠানে চীনের সহযোগিতা ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, এ সমঝোতা দেশের স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এর মাধ্যমে জটিল সার্জারির ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে। শুরুতে ইউরোলজিক্যাল জটিল সার্জারি সেবা চালু হলেও পর্যায়ক্রমে অন্যান্য জটিল সার্জারি অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি প্রশিক্ষণ, গবেষণা, ফ্যাকাল্টি এক্সচেঞ্জ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসা শিক্ষায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির ইউরোলজি বিভাগের প্রফেসর লি জিয়ংমিং, ডাইরেক্টর প্রফেসর লি ওয়েনলিয়াং এবং ভাইস প্রেসিডেন্ট প্রফেসর হি ইয়ংওয়েনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































