Apan Desh | আপন দেশ

মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, নারীসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০১:০৬, ১০ মার্চ ২০২৬

মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, নারীসহ নিহত ২

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-২ নম্বরে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে ধোঁয়ায় অসুস্থ হয়ে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (০৯ মার্চ) দুপুরে ‘এলএ প্লাজা’ নামের ১১ তলা ভবনে আগুন লাগার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টায় ভবনটি থেকে ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নেয়ার পর দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৫২ মিনিটে ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে অনেকেই ছাদে আশ্রয় নেন এবং কেউ কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে বিকেল ৪টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের কর্মকর্তা শাজাহান সিরাজ জানান, ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। উদ্ধার অভিযানে টার্ন টেবিল ল্যাডার (টিটিএল) ব্যবহার করে ছাদ ও বিভিন্ন তলা থেকে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীকে নিরাপদে নামিয়ে আনা হয়।

তিনি বলেন, চার ও পাঁচ তলার মাঝামাঝি সিঁড়ি থেকে এক নারী ও এক পুরুষকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অতিরিক্ত ধোঁয়ায় তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন।

আরও পড়ুন<<>>বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে অভিযান শুরু

রাতে মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আহসান সোহেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহত পুরুষের নাম রাকিব হাসান। তবে নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি।

মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন বলেন, আহত অবস্থায় তাদের হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা সম্ভবত ওই মার্কেটে কেনাকাটা করতে এসেছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত দুজনই বিমানবাহিনীর সদস্য।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, ভবনের তৃতীয় তলায় থাকা একটি স্পা সেন্টার থেকেই আগুনের শুরু হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়