ফাইল ছবি
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) পর্যায়ে টাকা পাঠানোর সেবা শুরু হয়েছে। এর মাধ্যমে একজন ব্যক্তি অন্য ব্যক্তির কিউআর কোড স্ক্যান করে সহজেই টাকা পাঠাতে পারবেন।
রোববার (০১ নভেম্বর) থেকে এ সেবা চালু করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন এ সেবায় টাকা পাঠানোর জন্য প্রাপকের মোবাইল নম্বর বা ব্যাংক হিসাব নম্বর আলাদাভাবে টাইপ করতে হবে না। প্রাপকের বাংলা কিউআর কোড স্ক্যান করেই প্রয়োজনীয় তথ্য যাচাই করে লেনদেন সম্পন্ন করা যাবে।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, এ উদ্যোগে ব্যক্তিপর্যায়ে ডিজিটাল অর্থ স্থানান্তর আরও সহজ ও সুবিধাজনক হবে। একই সঙ্গে দৈনন্দিন লেনদেনে নগদ টাকার ব্যবহার কমবে।
বাংলা কিউআরভিত্তিক পিটুপি সেবা দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন সংযোজন। এর মাধ্যমে ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়বে এবং ক্যাশলেস অর্থনীতির প্রসার ঘটবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
আরও পড়ুন <<>> অবলুপ্ত পাইওনিয়ার ব্যাংকের ২৬৮ শতাংশ জমি হস্তান্তর
যেভাবে বাংলা কিউআরে টাকা পাঠানো যাবে
নতুন ব্যবস্থায় ব্যাংক বা এমএফএস অ্যাপ ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক একটি করে ‘পার্সোনাল বাংলা কিউআর’ পাবেন। টাকা পাঠানোর সময় প্রাপককে আর দীর্ঘ ব্যাংক হিসাব নম্বর, রাউটিং নম্বর কিংবা ১১ ডিজিটের মোবাইল নম্বর দিতে হবে না।
প্রাপক নিজের মোবাইলের স্ক্রিনে ব্যক্তিগত কিউআর কোড দেখাবেন। এরপর প্রেরক নিজস্ব ব্যাংক বা এমএফএস অ্যাপ দিয়ে সেটি স্ক্যান করেই টাকা পাঠাতে পারবেন।
এমনকি প্রাপক দূরে থাকলেও সমস্যা হবে না। তিনি নিজের কিউআর কোডের ছবি পাঠালে প্রেরক মোবাইলের গ্যালারি থেকে সে ছবি নির্বাচন করে সরাসরি লেনদেন সম্পন্ন করতে পারবেন।
সংশ্লিষ্টরা বলছেন, কিউআর স্ক্যান বা ছবি আপলোড করার পরপরই প্রাপকের নাম ও সংক্ষিপ্ত হিসাব নম্বর স্ক্রিনে প্রদর্শিত হবে। ফলে টাকা পাঠানোর আগে প্রাপকের তথ্য যাচাই করার সুযোগ থাকায় ভুল হিসাবে অর্থ চলে যাওয়ার ঝুঁকি কমবে।
আপন দেশ/কেএম/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































