Apan Desh | আপন দেশ

শ্রম অসন্তোষের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র: শ্রমমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৮, ১ নভেম্বর ২০২৬

শ্রম অসন্তোষের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র: শ্রমমন্ত্রী

ছবি: আপন দেশ

পোশাক খাতে শ্রমিক অসন্তোষের পেছনে দেশকে অস্থিতিশীল করার রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। এ মন্তব্য করেছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেছেন, ডিসেম্বরকে সামনে রেখে শ্রমিকদের সঙ্গে সম্পৃক্ত নয়। এমন একটি গোষ্ঠী বিভিন্ন সংগঠনের মাধ্যমে ষড়যন্ত্র-চক্রান্তে লিপ্ত। সরকার রাজনৈতিকভাবে তা মোকাবিলা করবে।

রোববার (০১ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিকদের মজুরি বোর্ড গঠন এবং শিল্পকারখানা সঠিকভাবে পরিচালনা নিশ্চিত করার বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তবে মূল লক্ষ্য জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনা।

তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা আবারও বিভিন্ন ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত। ইনশাআল্লাহ, আমরা রাজনৈতিকভাবে তা মোকাবিলা করব।

বৈঠকে শিল্পকারখানা যেন সঠিকভাবে চলে এবং জনগণের জানমালের নিরাপত্তা বজায় থাকে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার কথাও জানানো হয়।

এর আগে রোববার ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে সাভার, গাজীপুর ও রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। শ্রমিক অসন্তোষের কারণে সাভার ও গাজীপুরের অন্তত ৮০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এর মধ্যে সাভারে অর্ধশতাধিক এবং গাজীপুরের কালিয়াকৈরে অন্তত ৩০টি কারখানা রয়েছে।

আরও পড়ুন<<>> কারখানার উৎপাদন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

রাজধানীর মিরপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মিরপুর-১০ ও মিরপুর-১১ এলাকায় সংঘর্ষের সময় দোকান ও যমুনা ব্যাংকের কাচ ভাঙচুর করা হয়।

এছাড়া মেট্রোরেলের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেয়া হয়। দুপুর ২টার দিকে পুলিশ শ্রমিকদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাভারের আশুলিয়ায় শ্রমিকেরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে বেতন বৃদ্ধির দাবিতে স্লোগান দেন। অন্যদিকে, গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানার ঝুটের গোডাউন ও একটি পিকআপভ্যানে আগুন দেয়ার ঘটনা ঘটে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়