ফাইল ছবি
চলমান সংঘাতের পরেও পোশাক কারখানার উৎপাদন পরিবেশ নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জান-মালের নিরাপত্তা রক্ষা করতে বলেন।
রোববার (০১ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রী ও উপদেষ্টাদের নিয়ে জরুরি সভা শেষে এমন নির্দেশনা দেন তিনি।
সন্ধ্যা ছয়টায় চলমান শ্রম অসন্তুষের ঘটনায় করণীয় ঠিক করতে জরুরি সভাটি ডেকেছিলেন প্রধানমন্ত্রী।
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবি নিয়ে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করছে। এর মধ্যেই রোববার নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ড গঠন করেছে শ্রম মন্ত্রণালয়।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।
এর আগে দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এসময় পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। শ্রমিকদের আন্দোলনের মধ্যে নিজের সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন শ্রমমন্ত্রী।
আরও পড়ুন <<>> শ্রম অসন্তোষে জরুরি সভায় প্রধানমন্ত্রী
রোববার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন।
এসময় আরিফুল হক চৌধুরী বলেন, সরকার আগেই সংবাদমাধ্যম এবং শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় রোববার মজুরি বোর্ড গঠনের কথা জানিয়েছিল। এরপরও শ্রমিকদের সড়কে অবস্থানের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
তিনি আন্দোলনরত শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহবান জানান।
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে এদিন সকাল থেকে মিরপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ পরে মিরপুর ১১, ১২ ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়, যা চলে প্রায় দুপুর ২টা পর্যন্ত। আগুন দেয়া হয় পুলিশের গাড়িতে।
গাজীপুর, ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বিক্ষোভ, অবরোধ ও গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওইসব এলাকার ৩০০ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































