ছবি: আপন দেশ
দক্ষ যুব গড়বে দেশ-সবার জন্য বাংলাদেশ- প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, সম্মাননা প্রদান এবং তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে রোববার (০১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র্যালির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক মো. হুমায়ুন কবির এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল।
আরও পড়ুন<<>>কুড়িগ্রামে কলেজে নিয়োগ বানিজ্যের অভিযোগে বিক্ষোভ
এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদফতরের কর্মকর্তাসহ যুব উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা যুব উন্নয়ন অধিদফতরের বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কার্যক্রমের তথ্য তুলে ধরেন। তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে দক্ষ ও কর্মসংস্থানমুখী যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যুব সমাজকে প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারি কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পাঁচজন যুবক-যুবতীর প্রত্যেককে ৩০ হাজার টাকা করে যুব ঋণের চেক দেয়া হয়। এছাড়া যুব সংগঠক হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দুজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জাতীয় যুব দিবস উপলক্ষে স্থানীয় পৌরপার্কে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলারও উদ্বোধন করা হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































