ছবি: আপন দেশ
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ফের রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন পোশাক শ্রমিকরা। রোববার (০১ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।
এতে মিরপুর-১০ নম্বর গোলচত্বর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প পথে গাড়ি চলাচলের ব্যবস্থা করার চেষ্টা করছে ট্রাফিক পুলিশ।
মিরপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুল হক বকশী বলেন, পোশাক শ্রমিকরা আজও সড়ক অবরোধ করেছেন। বর্তমানে মিরপুর-১০ নম্বর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা ডাইভারশন দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।
শনিবারও মিরপুরের একাধিক এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় তাদের আন্দোলনের কারণে যান চলাচল ব্যাহত হয়।
সকাল নয়টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে আসাদ নামে এক চাকরিজীবী বলেন, সকালে অফিসে যাওয়ার জন্য বাসে উঠেছি। কিন্তু শ্রমিকদের অবরোধের কারণে বাস না চলায় বাধ্য হয়ে নেমে হেঁটে যাচ্ছি। সপ্তাহের প্রথম কর্মদিবসে সময়মতো অফিসে পৌঁছাতে পারব কি না, জানি না।
আরও পড়ুন<<>>সাজেকে ফের ১২ ঘণ্টার সড়ক অবরোধ
খাদেমুল নামে আরেকজন বলেন, বাসে অনেকক্ষণ বসে থাকার পর আর উপায় না দেখে নেমে পড়েছি। এখন হেঁটে যেতে হচ্ছে। গরমের মধ্যে এভাবে হেঁটে যাওয়া খুবই কষ্টকর।
মিরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, মিরপুরের কয়েকটি স্থান থেকে পোশাক কারখানার শ্রমিকরা সকালে জড়ো হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে গেছে পুলিশ।
একই দাবিতে শনিবারও মিরপুরে সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। তাদের অবরোধের কারণে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ ছিল।
একপর্যায়ে শ্রমিকরা মিরপুর ১ নম্বরের শাহ আলী এলাকায় জড়ো হন। সেখানে কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে শ্রমিকদের হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































