ফাইল ছবি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে আবারও ১২ ঘন্টা সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি। রোববার (০১ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাজেক সড়কে এ অবরোধ কর্মসূচি পালন করা হবে।
সাজেকে সশস্ত্র মহড়া, পর্যটকদের জিম্মি করে হামলা এবং ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সশস্ত্র তৎপরতার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
শনিবার (৩১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেন পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির সদস্য সচিব বিন্দু লাল চাকমা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ অক্টোবর থেকে সাজেক সড়কে ধারাবাহিকভাবে অবরোধ চলে আসছে। এর মধ্যে গত ৩১ অক্টোবর সাজেক এলাকায় নতুন করে গোলাগুলির ঘটনায় পাহাড়ে বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ ছাড়া ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সশস্ত্র মহড়ার ঘটনায় অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
সংগঠনটির অভিযোগ, সশস্ত্র গোষ্ঠীর তৎপরতায় সাজেকের পর্যটন সড়কসহ সাধারণ মানুষের জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে। এসব ঘটনার প্রতিবাদ এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন<<>>পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি ও সংবাদকর্মীদের যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে। তবে অবরোধ চলাকালে পর্যটক, সাধারণ জনগণ, যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে সড়কে যানবাহন না চালানোর অনুরোধ জানিয়েছে কমিটি।
এর আগে, নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন ও বৌদ্ধ ভিক্ষুদের কঠিন চীবর দান অনুষ্ঠানে যাতায়াতের সুবিধার্থে ইউপিডিএফ-সমর্থিত সাজেক গণঅধিকার রক্ষা কমিটি রোববার ১২ ঘণ্টার জন্য অবরোধ শিথিলের ঘোষণা দিয়েছিল। কিন্তু, একইসময়ে সশস্ত্র তৎপরতার প্রতিবাদে পাল্টা কর্মসূচির ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি।
কমিটির সদস্য সচিব বিন্দু লাল চাকমার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেকে সহিংসতা ও সশস্ত্র তৎপরতা, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় সশস্ত্র মহড়া এবং পর্যটকদের জিম্মি করে হামলার প্রতিবাদে এ কর্মসূচি নেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, গত ১১ অক্টোবর থেকে সাজেকে অবরোধ চললেও সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধ হয়নি। বরং ৩১ অক্টোবর কলাবুনিয়া এলাকায় নতুন করে গোলাগুলির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার নিরাপত্তা নিশ্চিত করার দাবিতেই এ অবরোধের ডাক দেয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































