Apan Desh | আপন দেশ

জামায়াত নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

মাদারীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৫, ২৭ অক্টোবর ২০২৬

জামায়াত নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

তাইজুল ইসলাম। ছবি: আপন দেশ

মাদারীপুরের শিবচরে এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে এক জামায়াত নেতার। তাকে সাংগঠনিক সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবচর উপজেলা শাখা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে শিবচর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউসুফ হাওলাদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে দলটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতের নিলখী ইউনিয়ন শাখার তাইজুল ইসলামের বিরুদ্ধে নৈতিকতাবিবর্জিত কর্মকাণ্ডের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি উপজেলা শাখার নজরে আসার পর সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা। অভিযোগ পর্যালোচনার স্বার্থে তাকে উপজেলা শাখার অধীন সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এতে আরও বলা হয়, নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও জবাবদিহিতাকে সংগঠন গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী কোনো কর্মকাণ্ডের অভিযোগ উঠলে তা যথাযথ গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হয়। তাইজুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

শিবচর উপজেলা জামায়াতের আমীর মো. সরোয়ার হোসেন মৃধা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর অনেকে জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত হতে তাদের কাছে আসেন। নিলখী ইউনিয়ন উপজেলা সদর থেকে বেশ দূরে হওয়ায় তাইজুল ইসলামকে জামায়াতের দাওয়াত ও প্রচারের দায়িত্ব দেয়া হয়েছিল। তিনি দায়িত্ব পালন করায় স্থানীয়রা তাকে ইউনিয়নের সভাপতি হিসেবে মনে করতেন।

আরও পড়ুন <<>> পশুর নদীতে কয়লা বোঝাই কার্গো ডুবি

তিনি আরও বলেন, অভিযোগের বিষয়টি জানার পরই তাইজুল ইসলামকে সব সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রোববার (২৫ অক্টোবর) দুপুরে শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে তাইজুল ইসলামের বাড়িতে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এর পরদিন সোমবার (২৬ অক্টোবর) থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে তার কথিত আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে তাইজুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ফেসবুক আইডিতে সংশ্লিষ্ট নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেছেন বলে জানা গেছে।

 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়