Apan Desh | আপন দেশ

ক্যানসার ধরা পড়ার ১৫ মিনিটেই বিয়ের সিদ্ধান্ত হিনার

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৬, ১ নভেম্বর ২০২৬

ক্যানসার ধরা পড়ার ১৫ মিনিটেই বিয়ের সিদ্ধান্ত হিনার

ছবি : সংগৃহীত

ভারতীয় অভিনেত্রী হিনা খান। ১৩-১৪ বছর ধরে জমিয়ে প্রেম করছেন রকি জয়সওয়ালের সঙ্গে। তবে তারা বিয়ে নিয়ে ভাবছিলেন না। কিন্তু ক্যান্সার ধরা পড়ার ‘১৫ মিনিটের মধ্যেই’ বিয়ের সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

অসুস্থতার খবর জানার পরই প্রেমিককে বিয়ের সিদ্ধান্ত নেন হিনা। আর সে সিদ্ধান্ত বাস্তবে রূপ নিতে সময় লেগেছিল মাত্র ১৫ মিনিটেরও কম!

সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার নতুন অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হয়েছিলেন হিনা। সেখানেই নিজের বিয়ের পেছনের গল্প শোনান অভিনেত্রী।

হিনা জানান, দীর্ঘদিনের সম্পর্ক হলেও বিয়ে নিয়ে কখনো আলাদা করে পরিকল্পনা করেননি তারা। কিন্তু ক্যান্সার ধরা পড়ার পর জীবনের অনিশ্চয়তা তাকে নতুন করে ভাবতে বাধ্য করে।

অভিনেত্রী জানান, ২০২৫ সালের ৪ জুন মুম্বাইয়ে নিজেদের বাড়ির ছাদে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। সে সময় তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারের চিকিৎসা চলছিল অভিনেত্রীর। জীবনের কঠিন সে সময়েই সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেন দুজন।

অনুষ্ঠানে বিয়ের দিনের একটি ছবি দেখানো হলে পুরোনো স্মৃতিতে ফিরে যান হিনা। তিনি জানান, সিদ্ধান্তটি ছিল একেবারেই আকস্মিক। আগে থেকে বিয়ের কোনো প্রস্তুতি বা আয়োজন ছিল না তাদের। দীর্ঘ ১০ বছরের বেশি সময়ের সম্পর্ক একপর্যায়ে ১৩-১৪ বছরে গড়ায়। তবু বিয়ের কথা ভাবেননি তারা।

আরও পড়ুন <<>> নিউইয়র্কে লাল টুকটুকে প্রভা

হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? এর ব্যাখ্যায় হিনা জানান, শারীরিকভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার সময় রকিকে দুটি বিকল্প দিয়েছিলেন তিনি। হয় তাকে ছেড়ে নিজের জীবন নতুন করে শুরু করতে হবে, পছন্দমতো কাউকে বিয়ে করতে হবে; নয়তো তাকেই বিয়ে করতে হবে। কারণ, পরদিন কী ঘটবে, সে নিশ্চয়তা তার কাছে ছিল না।

হিনার এ কথায় স্পষ্ট হয়ে ওঠে অসুস্থতার সময় জীবনের অনিশ্চয়তা। ভালোবাসার মানুষটিকে পাশে পাওয়ার আকাঙ্ক্ষা। তার প্রস্তাবে সম্মতি জানান রকিও। এরপর আর দেরি করেননি তারা।

অনুষ্ঠানে সানিয়া মির্জা জানতে চান, তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সত্যিই কি মাত্র ১৫ মিনিটে শেষ হয়েছিল? উত্তরে হিনা জানান, ১৫ মিনিটও নয়, তার চেয়েও কম সময়ে সম্পন্ন হয়েছিল বিয়ের আয়োজন।

ক্যান্সারের মতো কঠিন বাস্তবতার মুখেও ভালোবাসা ও সম্পর্কের প্রতি এমন সিদ্ধান্ত হিনার জীবনের এক আবেগঘন অধ্যায় হয়ে রয়েছে। তার এ গল্প নতুন করে আবেগাপ্লুত করেছে ভক্তদের।

উল্লেখ্য, হিনা ও রকির পরিচয় টেলিভিশন ধারাবাহিক ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর সেটে। ধারাবাহিকটিতে অক্ষরা চরিত্রে অভিনয় করতেন হিনা। অন্যদিকে রকি ছিলেন প্রযোজনা দলের সদস্য। কাজের সূত্রে পরিচয়, এরপর বন্ধুত্ব। একসময় সে বন্ধুত্ব গড়ায় প্রেমের সম্পর্কে। ২০১৭ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তারা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়