Apan Desh | আপন দেশ

ইহুদি-আরব জোট সরকার গঠনের পক্ষে ইসরায়েলে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:১৬, ১ নভেম্বর ২০২৬

ইহুদি-আরব জোট সরকার গঠনের পক্ষে ইসরায়েলে বিক্ষোভ

ছবি: সংগ্রহীত

ইহুদি ও আরব দলগুলোকে নিয়ে জোট সরকার গঠনের সমর্থনে ইসরায়েলে বিক্ষোভ শুরু হয়েছে। স্থানীয় সময় শনিবার (৩১ অক্টোবর) রাতে দেশটির বাণিজ্যিক রাজধানী তেলআবিবে এ বিক্ষোভ হয়। যুদ্ধাপরাধে অভিযুক্ত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি। 

এ বিক্ষোভের লক্ষ্য হলো আরব দলগুলোর সঙ্গে জোট করে সরকার গঠনে বিরোধী দলগুলোকে চাপ দেয়া। বিক্ষোভকারীরা গাদি আইজেনকোতের নেতৃত্বাধীন বিরোধী জোটের উদ্দেশ্যে বলেন, নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরবদের আসনসহ তাদের সামনে ৬৭টি আসন রয়েছে। 

গত ২৭ অক্টোবর ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের ২৬তম নির্বাচন হয়। ওই নির্বাচনে আরব দলগুলো রেকর্ড ১৯টি আসন পায়। এরফলে এখন ইসরায়েলের নতুন সরকার গঠনের ক্ষেত্রে তারা কিংমেকার হিসেবে পরিণত হয়েছে। তারা যাকে সমর্থন দেবে তারাই এখন সেখানে সরকার গঠন করতে পারবে।

তবে নির্বাচনের আগে গাদি আইজেনকোত জানিয়েছিলেন, আরবদের সঙ্গে তিনি কোনো জোট করবেন না। তবে নির্বাচনের পর এখন আরবদের সঙ্গে হাত মেলাতে তার ওপর চাপ বাড়ছে।

আরও পড়ুন<<>>পাল্টা আঘাতের নির্দেশ মোজতবা খামেনির

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আরব-ইসরায়েলি সরকার গঠনের জন্য তেলআবিবে যে বিক্ষোভ হয়েছে সেখানকার পরিবেশ বেশ ইমোশনাল ছিল। তারা সত্যিকার অর্থে নেতানিয়াহুকে সরকার প্রধান থেকে হটাতে চান। তারা মত প্রকাশ করেন, আইজেনকোত এবং অন্যান্য বিরোধী দলগুলোকে তাদের কথা শুনতে হবে।

আরবদের সঙ্গে জোট করা নিয়ে ইহুদি ইসরায়েলিরা যখন বিক্ষোভ করছিলেন; তখন নেতানিয়াহুর উগ্রডানপন্থি জোটের সমর্থকরাও রাস্তায় নেমেছিলেন। তারা স্লোগান দেন ‘সন্ত্রাসীদের’ সঙ্গে জোট করে ইসরায়েলে কোনো সরকার গঠন করতে দেয়া হবে না।

ইসরায়েলের নেসেটে আসন রয়েছে ১২০টি। কোনো দল বা জোট সরকার গঠন করতে চাইলে তাদের অন্তত ৬১টি আসনে জিততে হবে। তবে এ ম্যাজিক ফিগার কেউ পায়নি। তবে বিরোধী নেতা আইজেনকোত যদি আরবদের সঙ্গে জোট করেন তাহলে তারা খুব সহজে সরকার গঠন করতে পারবেন। 

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়