Apan Desh | আপন দেশ

ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরাইলি আইনের বাংলাদেশের নিন্দা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৯:৫২, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরাইলি আইনের বাংলাদেশের নিন্দা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসরাইলের সাম্প্রতিক ভূমি সংক্রান্ত আইনের কঠোর নিন্দা জানিয়েছে। দেশটি দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ড সংযুক্ত করার চেষ্টা হিসেবে এটিকে অবৈধ ঘোষণা করেছে। সৌদি আরবের জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের উন্মুক্ত নির্বাহী কমিটির বৈঠকে এ নিন্দা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়েছে।

খলিলুর রহমান বলেন, ইসরাইলের এ পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিন ভূখণ্ড, বিশেষ করে আল-কুদস আল-শরিফের আইনগত ও জনমিতিক চরিত্র পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। পশ্চিম তীরে ভূমি ক্রয় সহজীকরণ এবং ভূমি রেজিস্ট্রি উন্মুক্ত করার ফলে ফিলিস্তিন ভূমি মালিকরা হয়রানি ও ভীতির মুখে পড়তে পারেন। এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ন্যায্য ও স্থায়ী সামাজিক ব্যবস্থার ভিত্তি দুর্বল করে।

আরও পড়ুন <<>> ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করাই দীর্ঘমেয়াদী সমাধান। তিনি ইসরাইলের ভূমি-সংক্রান্ত আইন সম্পূর্ণ প্রত্যাখ্যান করেন এবং ফিলিস্তিনিদের ভূমি অধিকার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং সেখানে ক্ষতিগ্রস্ত নারী, পুরুষ ও শিশুদের জন্য আন্তর্জাতিক ত্রাণকর্মী ও মানবিক সহায়তা দেয়াদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার আহবান জানান।

ওআইসির বৈঠকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মুসলিম উম্মাহর প্রতি রমজানের শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বলেন, নবনির্বাচিত গণতান্ত্রিক সরকার ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

বৈঠকের সাইডলাইনে পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান, গাম্বিয়া, ফিলিস্তিন, তুরস্ক ও সৌদি আরবের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এতে ওআইসি সদস্যরা বাংলাদেশের সফল সাধারণ নির্বাচন ও বিএনপির বিস্তৃত বিজয়ের জন্য অভিনন্দন জানান এবং নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

ড. খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ, রোহিঙ্গা সংকট সমাধান এবং ওআইসি সচিবালয়ের কার্যকারিতা বৃদ্ধিসহ সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরেন।

ওআইসি সদস্যরা বাংলাদেশের ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্ব প্রার্থিতার প্রতি সমর্থন জানায়। পররাষ্ট্রমন্ত্রী তাদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তঃসরকারি সংস্থা অনুবিভাগের সচিব এম. ফরহাদুল ইসলাম এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম. জে. এইচ. জাবেদ উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement