ছবি : সংগৃহীত
বাংলা ও হিন্দি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি মারা যান।
দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন মিঠু মুখোপাধ্যায়। প্রায় এক বছর ধরে মুম্বাইয়ে তার চিকিৎসা চলছিল।
মিঠুর মৃত্যুতে শোক জানিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে মিঠুর ছবি প্রকাশ করে তিনি লেখেন, মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণের খবর অত্যন্ত বেদনাদায়ক। তার স্মৃতি ও তার কাজ আমাদের মধ্যে চিরকাল বেঁচে থাকবে। গভীর শ্রদ্ধা।
১৯৫৫ সালের ১৯ জুন কলকাতায় জন্ম মিঠু মুখোপাধ্যায়ের। ১৯৭০-এর দশকে বাংলা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। চিত্ত বসুর ‘শেষ পর্ব’ ছবির মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়। ১৯৭৩ সালে দীনেন গুপ্তের ‘মর্জিনা আবদুল্লা’ ছবিতে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান।
এরপর ‘নিশিকন্যা’, ‘মৌচাক’, ‘স্বয়ংসিদ্ধা’, ‘হোটেল স্নো ফক্স’, ‘ভাগ্যচক্র’, ‘সন্ধি’ ও ‘আশ্রিতা’সহ বেশ কিছু উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেন তিনি। উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক ও শমিত ভঞ্জের মতো অভিনেতাদের সঙ্গে পর্দা ভাগ করেছেন মিঠু।
আরও পড়ুন <<>> শখের ওজন কমলো ২৫ কেজি
বাংলা চলচ্চিত্রের পাশাপাশি হিন্দি সিনেমাতেও অভিনয় করেন তিনি। ১৯৭৬ সালে দুলাল গুহর ‘খান দোস্ত’ ছবির মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় তার। পরে ‘সফেদ ঝুট’, ‘দিল্লাগি’ ও ‘দো লড়কে দোনো কড়কে’সহ কয়েকটি ছবিতে অভিনয় করেন।
এসব ছবিতে শত্রুঘ্ন সিনহা, বিনোদ মেহরা ও অমল পালেকারের মতো অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন তিনি।
তার অভিনয়জীবন খুব দীর্ঘ না হলেও সত্তর ও আশির দশকের বাংলা চলচ্চিত্রে একাধিক স্মরণীয় চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন মিঠু মুখোপাধ্যায়। ১৯৯০ সালে মুক্তি পাওয়া ‘আশ্রিতা’ ছিল তার শেষ সিনেমা। এরপর ধীরে ধীরে অভিনয়জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































