ছবি: আপন দেশ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের নাটোর বাইপাস রোডে দেদারছে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। ফলে রাস্তার পাশে গড়ে উঠেছে স্থায়ী ময়লার ভাগাড়। রাস্তার পাশে ময়লার ভাগাড়ের অসহ্য দুর্গন্ধে অতিষ্ঠ রাস্তায় চলাচলকারীরা।
দীর্ঘদিন ধরে পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে ময়লা আর্বজনা সংগ্রহ করে এখানে ফেলায় বর্জ্য স্তুপ গড়ে উঠেছে। ময়লার দূর্গন্ধে রাস্তা দিয়ে চলাচল করাই কঠিন। আশেপাশের কয়েকটি গ্রামের মানুষের জীবন বিষিয়ে তুলেছে এ বর্জ্যের ভাগাড়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাইপাস রাস্তার পাশেই আবর্জনার স্তুপ। যার পরিধি প্রায় ৩০ মিটার এলাকাজুড়ে। ময়লার ভাগাড় থেকে কাক, কুকুর ও শিয়াল ময়লা নিয়ে টানাটানি করে। ফলে ময়লাগুলি রাস্তা পর্যন্ত বিস্তার লাভ করেছে। অনেকসময় চলাচলকারীদের মাথার উপর ওই নোংরা উচ্ছিষ্ট্য পড়ে। এ রাস্তা ধরে যারা হেঁটে যান তারা নাক চেপে নিস্তার পায়।
দিনে দিনে ভাগাড়ের পরিধি বৃদ্ধি পাচ্ছে। রাস্তার পাশের জমির মালিকরা কোন ফসল ফলাতে পারে না। বাধ্য হয়ে ওই ফসলি জমিগুলো পতিত হয়ে আছে। এছাড়াও ভাগাড়ের আশেপাশের লোকজনের বাড়ির মধ্যে বসবাস করাও কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন<<>>নাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার শঙ্কা
বিশেষকরে, পৌর শহরের মালশন, সাহেবপাড়া, পাথরকুটা, দোগাছী গ্রামের স্থানীয় বাসিন্দারা পড়েছেন বিপাকে। তাদের দাবি, পৌর শহরের গুরুত্বপূর্ণ এ স্থান থেকে ময়লার ভাগাড় অপসারণ করা দরকার। জনসাধারণের চলাচলে ভোগান্তির পাশাপাশি নোংরা, পঁচা দূর্গন্ধে অতিষ্ট হয়ে উঠেছে এলাকাবাসী।
মালশন গ্রামের বাসিন্দা শাহাজাহান আলম বলেন, এক এলাকার পরিচ্ছন্নতার জন্য অন্য এলাকার পরিবেশ নষ্ট করা যাবে না। ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট ও পরিবেশ সম্মত স্থায়ী ভাগাড় নির্মাণ প্রয়োজন। এছাড়াও যত্রতত্র ময়লা ফেলায় পরিবেশ দূষিত হচ্ছে, যা আমাদের কাম্য নয়।
গোলাম মোস্তফা নামের পাথরকুটা গ্রামের আরেক বাসিন্দা বলেন, এমনিতেই পৌর এলাকায় নির্দিষ্ট কোন ভাগাড় নেই। কর্তৃপক্ষের উচিত নির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা ও ভাগাড়ের ব্যবস্থা করা।
দোগাছী গ্রামের বাসিন্দা শামিম হোসেন বলেন, সান্তাহার পৌরসভার নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় দীর্ঘদিন ধরে এ সমস্যা চলে আসছে। এ সমস্যার আশু সমাধান চাই।
এ বিষয়ে আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম বলেন, সান্তাহার পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ময়লা-আবর্জনা ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রয়োজনে পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অন্যত্র ময়লা-আবর্জনা ফেলার সিদ্ধান্ত নেয়া হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































