Apan Desh | আপন দেশ

১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৫১, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ছবি: আপন দেশ

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী ১০ মার্চ বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে এটি হবে তার প্রথম বগুড়া সফর।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে মহাস্থানগড় এলাকায় শাহ সুলতান বলখীর (রহ.) মাজারে জুমার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শাহে আলম বলেন, সরকারের নতুন সামাজিক নিরাপত্তা উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন বগুড়া থেকেই শুরু হবে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

কর্মসূচির পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে নির্বাচিত করা হয়েছে। সম্ভাব্য উপকারভোগী পরিবার চিহ্নিত করতে ইতোমধ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে।

কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে পৃথক জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও তদারকি ও সমন্বয়ের জন্য কমিটি করা হয়েছে।

আরও পড়ুন <<>> জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

জানা গেছে, ফ্যামিলি কার্ডধারী প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এ সুবিধার আওতায় আসবেন।

প্রতি পরিবারের একজন নারী কার্ডধারী হিসেবে নিবন্ধিত হবেন। একটি ওয়ার্ডে যোগ্য বিবেচিত সব পরিবারকেই ফ্যামিলি কার্ড দেয়ার পরিকল্পনা রয়েছে।

প্রাথমিকভাবে চার মাস পরীক্ষামূলকভাবে কর্মসূচি চালানো হবে। পরে ফলাফল মূল্যায়ন করে ধাপে ধাপে দেশের সব উপজেলায় এটি সম্প্রসারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সরকারের আশা, এ উদ্যোগ নিম্নআয়ের পরিবারগুলোর আর্থিক নিরাপত্তা জোরদারের পাশাপাশি নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement