ছবি: আপন দেশ
দীর্ঘ ৩৭ বছর আগে যে আঙিনায় তরুণ শিক্ষক হিসেবে পা রেখেছিলেন, সেখান থেকেই বিদায় নিলেন এক জীবন্ত কিংবদন্তি হয়ে। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এএসএম ওবায়দুল্লাহ চৌধুরী তার বর্ণাঢ্য কর্মজীবনের ইতি টানলেন। রাজকীয় সংবর্ধনার মধ্য দিয়ে তাকে বিদায় জানানো হলো। অবসরে যাওয়ার দিন তাকে প্রাইভেটকারে চড়িয়ে সসম্মানে বাড়িতে পৌঁছে দিয়ে এক অনন্য নজির সৃষ্টি করেছেন স্কুলের সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী।
১৯৯০ সালে মরহুম আব্দুস সামাদের হাত ধরে যখন বোয়ালমারী স্কুলটি প্রতিষ্ঠিত হয়, তখনই সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন ওবায়দুল্লাহ চৌধুরী। সে থেকে ২০২৬ সালের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘ ৩৭ বছর তিনি একই প্রতিষ্ঠানে কখনও শিক্ষক, কখনও অভিভাবক, আবার কখনও পথপ্রদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার হাত ধরে হাজারও শিক্ষার্থী আজ বিভিন্নভাবে প্রতিষ্ঠিত। দীর্ঘ এ সময়ে তিনি স্কুলটিকে শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, নিজের ঘর-সংসার হিসেবে আগলে রেখেছিলেন।
আরও পড়ুন<<>>নাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার শঙ্কা
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা রূপ নেয় এক অশ্রুসিক্ত মিলনমেলায়। প্রিয় স্যারকে বিদায় জানাতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা ছুটে আসেন। অনুষ্ঠানের শুরুতেই তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারকসহ নানা উপহারে সিক্ত করা হয়। এ সময় বিদ্যালয় হতে ট্যালেন্টপুলে তিন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা সীমান্ত কুমার বসাক, রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর আখম ফররুখ আহম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশীদ এবং জেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মকবুলার রহমান।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































