ছবি: আপন দেশ
বস্ত্রখাতের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতির মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে বস্ত্রশিল্পের অবদানের প্রশংসা করেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে ২২ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বস্ত্রখাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতকে এগিয়ে নিতে প্রতিযোগী দেশগুলোর মতো বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর জন্যও বাস্তবভিত্তিক ও সমন্বিত নীতি-সহায়তা নিশ্চিত করা প্রয়োজন।
তিনি বস্ত্রশিল্পের সমস্যা ও দাবিগুলো সরকারের নীতিনির্ধারণী মহলে গুরুত্বের সঙ্গে তুলে ধরতে বিটিএমএ নেতাদের পরামর্শ দেন।
রাষ্ট্রপতি বলেন, রাজনৈতিক অস্থিরতাসহ বিভিন্ন কারণে স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের অর্থনীতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি। বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেয়ার পর অর্থনীতির বিভিন্ন খাত পুনর্গঠনের সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগ কাজে লাগাতে ব্যবসায়ী নেতাদের কার্যকর ভূমিকা রাখতে হবে।
জ্বালানি সংকটকে বর্তমান সময়ের অন্যতম বড় সমস্যা উল্লেখ করে রাষ্ট্রপতি জানান, অতীতে দেশের নিজস্ব গ্যাস ও জ্বালানি অনুসন্ধান ও আহরণ এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে উল্লেখযোগ্য উদ্যোগ নেয়া হয়নি।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রপতি জানান, জ্বালানি সংকট সমাধানে সরকারের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল রাষ্ট্রপতির কাছে দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের অবদান তুলে ধরেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে বস্ত্রখাতের উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন।
একই সঙ্গে বর্তমানে খাতটির বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এসময় বিটিএমএ নেতারা দেশীয় বস্ত্রকলকে সুরক্ষা দিতে ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার ও ব্যাংক গ্যারান্টির মাধ্যমে সুতা আমদানির সুযোগ দেয়ার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিদ্ধান্ত বহাল রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































