ছবি : আপন দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ২৯৯ আসনে ব্যালট পেপার চলে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তিনি এ তথ্য জানান।
ভোটগ্রহণের প্রস্তুতি হয়ে গেছে জানিয়ে আখতার আহমেদ বলেন, ‘শতভাগ সুষ্ঠু ভোটার তালিকা গঠন করার সুযোগ হয়নি। তবে তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করা এবং মৃতদের কর্তন করা, এই বড় কাজ করা হয়েছে।’
তিনি বলেন, ‘নতুন রাজনৈতিক দলের নিবন্ধনেও চ্যালেঞ্জ ছিল। তবে, ধাপে ধাপে ভোটগ্রহণের সময়ে আমরা পৌঁছে গেছি।’
ইসি সচিব বলেন, ‘আমরা সত্যকে ধারণ ও লালন করার অনুরোধ করছি। অপতথ্য, অপপ্রচার থেকে দূরে থাকতে হবে।’
আরও পড়ুন : নির্বাচন-গণভোট ঘিরে ৩ স্তরের নিরাপত্তা : আইজিপি
তিনি বলেন, ‘সেল ফোন নিয়ে নীতিমালা জারি করা হয়েছিল, তবে তা প্রত্যাহার করা হবে। সংশোধিত আইন যেখানে প্রয়োজন যোজন বিয়োজন করা হচ্ছে। যে যার জায়গা থেকে সর্বোচ্চ কাজ করার চেষ্টা করেছি, এটাই সাফল্য।’
তিনি আরও বলেন, ‘ভোট গণনার ক্ষেত্রে পোস্টাল ব্যালটের গণনা সময়সাপেক্ষ। তবে, কোনো অবস্থাতেই অতিরিক্ত বিলম্ব করা হবে না।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































