ছবি: আপন দেশ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের কারিগরি সহায়তায় ২ মিলিয়ন ডলার (২০ লাখ ডলার) অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে কানাডা।
রোববার (০৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার এইচ. ই. অজিত সিং এ তথ্য জানান। অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফান লিলারও উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর শেষে অজিত সিং বলেন, আমি বিশ্বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং স্বচ্ছ নির্বাচনের জন্য বাংলাদেশের অগ্রগতিতে গর্বিত। কানাডা বাংলাদেশের দীর্ঘস্থায়ী অংশীদার এবং বন্ধু। আমরা আপনাদের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়া প্রথম দেশগুলোর মধ্যে অন্যতম।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে ১ লাখেরও বেশি বাংলাদেশি-কানাডিয়ান দুই দেশের সম্পর্কের সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে বিশ্বের অন্যতম বৃহৎ নির্বাচন হিসেবে অভিহিত করে তিনি বলেন, বাংলাদেশে কী ঘটে তা কানাডা এবং বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ। আমরা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করি।
ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার কানাডা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য এ কনসোর্টিয়ামকে সমর্থন দেয়ায় কানাডার করদাতাদের ধন্যবাদ।
আরও পড়ুন <<>> ‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এ সরকারের চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না’
তিনি জানান, গত এক বছর ধরে ইউনেস্কো, জাতিসংঘ নারী, ইউএনওডিসি এবং ইউএনডিপি—এ চারটি সংস্থা বাংলাদেশ নির্বাচন কমিশনের অনুরোধে কারিগরি সহায়তা দিয়ে আসছে। কানাডার এ নতুন তহবিল সে প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করবে।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতি ও আন্তর্জাতিক নজরকে সামনে রেখে কানাডার এ অনুদান মূলত নির্বাচন সংশ্লিষ্ট কারিগরি ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধিতে ব্যয় করা হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































