ছবি: আপন দেশ
বাগেরহাটে চলন্ত কলাবোঝাই একটি পিকআপ ভ্যানের টায়ারে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগান দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানায় পিকআপের চালক।
সোমবার (০৯ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের মানিকতলা এলাকায় খুলনা বাগেরহাট বরিশাল মহাসড়কের পাশে বাগেরহাট সি ফুডের নিকট এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে কলাবোঝাই পিকআপ ভ্যানটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা চার থেকে পাঁচজন যুবক সেটির গতিরোধ করে। পরে তারা পিকআপের টায়ারে আগুন ধরিয়ে দিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আরও পড়ুন<<>>মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ সদস্য আটক
পিকআপের চালক বলেন, মোটরসাইকেলে করে চার থেকে পাঁচজন অজ্ঞাত যুবক এসে তার গাড়ির কাছে নামে। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগান দিয়ে পিকআপের টায়ারে আগুন ধরিয়ে দেয়। তার ডাক চিৎকারে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তিনি নিজেই গাড়ির আগুন নিভিয়ে ফেলেন। চালকের বাড়ি বাগেরহাটের সাইনবোর্ড এলাকায়।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. সামসুল আরেফিন বলেন, মানিকতলা এলাকায় কলাবোঝাই একটি পিকআপের টায়ারে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































