ছবি : সংগৃহীত
স্বঘোষিত নাস্তিক ব্লগার আসাদ নূর। সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ের কথা স্বীকার করেছেন। তবে তিনি প্রচলিত ধর্মীয় বিধিবিধান মেনে বিয়ে করেননি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান। নিজের ইউটিউব ও ফেসবুক পেজে তিনি এ বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেন।
এর আগে সামাজিক মাধ্যমে স্বামীর মুখ ঢেকে বিয়ের ছবি প্রকাশ করেন পারশা মাহজাবীন। যা নিয়ে দেশের শোবিজ ও সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়।
এ গায়িকার বর কে—তা নিয়ে ভক্তদের কৌতূহলের যেন অন্ত ছিল না। তবে সব রহস্যের অবসান ঘটিয়ে নিজেই সামনে এলেন বিতর্কিত ব্লগার আসাদ নূর। তিনি স্বীকার করে নিলেন পারশাকে বিয়ের বিষয়টি।
তিনি জানান, ধর্মীয় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ভারতে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’ (Special Marriage Act, 1954)-এর অধীনে বিয়ে করেছেন তারা।
স্বঘোষিত নাস্তিক হিসেবে পরিচিত এ ব্লগার জানান, তাদের এ বিয়েতে কোনো প্রচলিত ধর্মীয় আনুষ্ঠানিকতা বা বিধিবিধান মানা হয়নি। এমনকি বাংলাদেশের প্রচলিত কোনো আইনেও নয়, বরং ভারতের ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’-এর অধীনে সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় তাদের এ বিবাহবন্ধন সম্পন্ন হয়েছে।
বিয়ের খবরটি এতদিন আড়ালে রাখা এবং নানা রহস্য তৈরি করার পেছনের কারণও ব্যাখ্যা করেন তিনি।
আরও পড়ুন <<>> ফেসবুক লাইভে সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন পরীমনি
আসাদ নূরের ভাষ্যমতে, সমাজের কিছু গতানুগতিক ট্যাবু ভাঙতে এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখতেই তারা পরিকল্পিতভাবে এ রহস্য তৈরি করেছিলেন।
সোশ্যাল মিডিয়ায় পাঞ্জাবি, শাড়ির আঁচল কিংবা একে অপরকে ফলো করার মতো ছোটোখাটো ক্লুগুলোও ছিল সে সুনির্দিষ্ট পরিকল্পনারই অংশ।
এছাড়া লাইভে নিজেদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, ধর্মীয় বিশ্বাস এবং পারশাকে নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে ছড়ানো আপত্তিকর এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ছবি ও ট্রলের বিষয়েও কড়া কথা বলেছেন আসাদ নূর।
তিনি স্পষ্ট জানান, পারশার পরিবার ও তার সংগীত ক্যারিয়ারের প্রতি পূর্ণ সম্মান রেখেই তারা দুজন একসঙ্গে পথ চলার এ বড় সিদ্ধান্ত নিয়েছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































