Apan Desh | আপন দেশ

ডিলারের দোকান ভেঙে সার লুটের মামলায় গ্রেফতার ১

পঞ্চগড় প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩০, ১০ নভেম্বর ২০২৬

ডিলারের দোকান ভেঙে সার লুটের মামলায় গ্রেফতার ১

ছবি: আপন দেশ

‎পাবনার চাটমোহর উপজেলায় হট্টগোল ও ভাঙচুর করে গোডাউন থেকে ৬১১ বস্তা সার লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়।

চাটমোহর থানার ওসি অলিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত জহুরুল ইসলাম (২৮) উপজেলার লাঙলমোড়া গ্রামের আলিফ উদ্দিনের ছেলে।

ওসি অলিউর রহমান জানান, সার গোডাউন ভাঙচুর ও সার লুটের ঘটনায় ডিলার প্রদীপ কুমার পালের ম্যানেজার নিরঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে চাটমোহর থানায় সোমবার (০৯ নভেম্বর) রাতে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে জহুরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৯ বস্তা সার জব্দ করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ১০৭ বস্তা সার ফেরত পাওয়া গেছে। গ্রেফতারকৃত জহুরুলকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

‎প্রসঙ্গত, সোমবার (০৯ নভেম্বর) দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে ডিলার প্রদীপ কুমার পাল সার বিতরণ করছিলেন। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে ও দেরীতে সার দেয়া নিয়ে হট্টগোল শুরু হয়। এ সময় ছাইকোলা বাজারে আরও দুইজন ডিলার সার বিতরণ করছিলেন। কিন্তু ওই দুই ডিলার সার বিতরণ হঠাৎ করে বন্ধ দেয়ায় সবাই ডিলার প্রদীপ কুমার পালের দোকানে ভিড় করেন। এ সময় সার না পেয়ে কৃষকরা় ক্ষিপ্ত হয়ে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত লোকজন ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করে সার লুটপাট শুরু করে। এ সময় পুলিশ ও ডিলারের লোকজন বাধা দিতে গেলে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। 

আরও পড়ুন<<>>ব্রিজের অভাবে দুর্ভোগে ৩ গ্রামের ৭ হাজার মানুষ

‎খবর পেয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, ইউএনও খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ এবং চাটমোহর থানার ওসি ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মাইকিং করে কৃষকদের নেয়া সার ফেরত দেয়ার আহবান জানানো হয়।

সার লুটের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। সোমবার বিকেলে জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিটন ঢালীকে আহবায়ক করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। ‎কমিটির অন্য দুই সদস্য হলেন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদফতর পাবনার অতিরিক্ত উপপরিচালক (শস্য) লুৎফর রহমান। অফিস আদেশে কমিটিকে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়