Apan Desh | আপন দেশ

রাষ্ট্রদ্রোহ মামলায় আয়াস-রিমিসহ ৪ জনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৮, ১১ অক্টোবর ২০২৬

আপডেট: ১৮:৫০, ১১ অক্টোবর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় আয়াস-রিমিসহ ৪ জনের রিমান্ড

ফাইল ছবি

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপে দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্রেফতার চার আসামির বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১১ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম-০৩) জসিতা ইসলাম এই আদেশ দেন।

আসামিদের মধ্যে তিন দিনের রিমান্ড দেয়া হয়েছে মো. সাকিবুল হাসান (১৯) ও ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সভাপতি আল নূর মোহাম্মদ আয়াসকে (২৭)।

এছাড়া মো. সুজন মিয়ার (১৮) ও মারজিয়া খন্দকার রিমির (২৬) দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান।

এদিন তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার এসআই মো. আবদুল গাফফার হিমেল।

রিমান্ড আবেদন থেকে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক ফুটপাতের হকার উচ্ছেদের ধারাবাহিকতায় শিল্পকলা অ্যাকাডেমির বিপরীত পাশে গণপূর্তের সীমানা প্রাচীরে বাংলাদেশ শিল্প, সংস্কৃতি ও সাহিত্য বিষয়ক বিভিন্ন গ্রাফিতি অঙ্কন করা হয়।

গত ৯ অক্টোবর আসামি আল নূর মোহাম্মদ আয়াস ওই গ্রাফিতিতে চুনকালি দেয়ার ঘোষণা দেন।
এরই ধারাবাহিকতায় ১০ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে আসামিরা সেখানে জড়ো হন। আসামি সাকিবুল হাসান সেখানে উসকানিমূলক বক্তব্য দেন।

আরও পড়ুন <<>> স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

অন্যদিকে আসামি মারজিয়া খন্দকার রিমি বলেন, আমরা এখানে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। রবীন্দ্রনাথের জমিদারিতে মুসলমানদের ওপর অত্যাচার নিপীড়ন চালানো হয়েছে। এ নিপীড়ক রবীন্দ্রনাথের ছবি বাংলাদেশের কোনো দেয়ালে দেখতে চাই না। এ কথা বলে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালো কালি মেখে দেন।

এছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টার অভিযোগও আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে আসামিরা দৌড়ে পালানোর চেষ্টা করেন।

এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, উসকানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দণ্ডবিধির ১২০খ, ১৫৩ক এবং ২৯৫ক ধারায় শাহবাগ থানায় এ মামলাটি (মামলা নং-১১) দায়ের করা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়