Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪৩, ৫ এপ্রিল ২০২৬

আপডেট: ১৬:৫৫, ৫ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

ছবি: আপন দেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার (০৫ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, সাম্প্রতিক বৈঠকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে জ্বালানি, বাণিজ্য এবং উন্নয়ন সহযোগিতা নিয়ে সাধারণ আলোচনা হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

ড. খলিলুর রহমান বলেন, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের সবচেয়ে বড় দাতা এবং এ সহায়তা চালু রাখার বিষয়টি আলোচনায় এসেছে। জ্বালানি খাতে সহযোগিতা প্রসঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্রের জ্বালানি দফতরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা হয়েছে। কিছু বিষয় গোপনীয় হলেও বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহায়তার আশ্বাস দিয়েছে।

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় বিভিন্ন উৎস থেকে তেল আমদানির চেষ্টা চলছে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে ভারত, মধ্যপ্রাচ্য বা যুক্তরাষ্ট্র—সব বিকল্পই খোলা রাখা হয়েছে।

একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই এবং জ্বালানি আমদানির ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতাও নেই। এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

আরও পড়ুন <<>> শপিংমল-দোকানপাট বন্ধ নিয়ে নতুন সিদ্ধান্ত

রাশিয়া থেকে তেল আমদানির প্রসঙ্গে ড. খলিলুর রহমান বলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে কিছু ক্ষেত্রে ‘ওয়েভার’ প্রয়োজন হতে পারে। তবে এর সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো বাণিজ্য চুক্তির সম্পর্ক নেই।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর নিয়েও কথা বলেন তিনি। জানান, বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কোনো দেশ চূড়ান্ত হয়নি।

সরকারের লক্ষ্য হলো জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। এজন্য বিশ্ববাজার থেকে সবচেয়ে সাশ্রয়ী উৎস বেছে নেয়ার উদ্যোগ অব্যাহত থাকবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়