ছবি : সংগৃহীত
বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে উত্তপ্ত হয়ে উঠে কলকাতার বাংলাদেশ মিশন। এ পর্যায়ে পুলিশের ব্যারিকেড সরিয়ে সামনে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা।
শনিবার (০৩ অক্টোবর) বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে কলকাতার বাংলাদেশ মিশন ঘেরাওয়ের কর্মসূচি নেয় বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান। তাদের সঙ্গে যোগ দেয় রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)। দুই সংগঠনের যৌথ উদ্যোগে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ মিশন সংলগ্ন এলাকা।
এদিন শিয়ালদহ রেলস্টেশন থেকে মিছিল শুরু করে দুই সংগঠন। মিছিলে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের শতাধিক সন্ন্যাসী ও সন্ন্যাসিনী এবং এনসিপিআইয়ের প্রায় ৬০ জন সমর্থক ছিলেন। মিছিল বাংলাদেশ মিশনের দিকে এগোতেই আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ।
আরও পড়ুন<<>>মওদুদী ব্রিটিশ-ভারতের দালাল: ভূমিমন্ত্রী
মিশন থেকে প্রায় ৩০০ গজ দূরে ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় কলকাতা পুলিশ। এরপরই ব্যারিকেড সরিয়ে সামনে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। শুরু হয় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাংলাদেশ মিশন-সংলগ্ন এলাকায় যান চলাচলও বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীদের মিশনের সামনে যাওয়ার চেষ্টা রুখে দেয় পুলিশ। পরে বাংলাদেশ মিশনের অনুমতি নিয়ে পাঁচজন প্রতিনিধিকে ভেতরে গিয়ে স্মারকলিপি জমা দেয়ার সুযোগ দেয়া হয়। সেখানে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং চিন্ময় প্রভুর মুক্তির দাবি জানানো হয়।
স্মারকলিপি জমা দেয়ার পর বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। পরে তারা বাংলাদেশ মিশন চত্বর ছেড়ে চলে যান।
সম্প্রতি মমতার দলের কয়েকজন সাংসদ তৃণমূল থেকে বের হয়ে এনসিপিআই নামে একটি রাজনৈতিক দল গঠন করেছেন। বর্তমানে তারা বিজেপি জোটের সঙ্গে যুক্ত হয়েছেন। তাদেরই একাংশ পথে নেমেছিল। দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে উত্তাল হয়ে ওঠে মিশন-সংলগ্ন চত্বর।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































