ছবি: আপন দেশ
মূল্যবৃদ্ধির পর সপ্তাহজুড়ে স্থিতিশীল থাকার পর দেশের বাজারে কমানো হলো স্বর্ণের দাম। ভরিতে এক হাজার ৬৯১ টাকা কমিয়ে মূল্যবান এ ধাতুর নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১১৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৮ দফা দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ৫৯ দফা।
বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। তবে নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
আরও পড়ুন<<>>আজ দেশে স্বর্ণের বাজারদর
স্বর্ণের দামের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের রুপার গহনার দাম প্রতি গ্রাম ৪১৫ টাকা, ২১ ক্যারেট ৩৯৫ টাকা এবং ১৮ ক্যারেট ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির রুপার গহনার দাম প্রতি গ্রাম ২৬০ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পুরোনো গহনা বদল বা বিক্রির ক্ষেত্রে নির্দিষ্ট হারে মূল্য সমন্বয় করতে হবে। অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার বিক্রির ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এ ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেয়া যাবে না।
পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এই দাম কার্যকর থাকবে।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সাম্প্রতিক সময়ে দেশের বাজারে কয়েক দফা দাম পরিবর্তন করেছে বাজুস। ফলে বিশ্ববাজারে স্বর্ণের দামের পাশাপাশি স্থানীয় বাজারের তেজাবি স্বর্ণের মূল্য, ডলার ও অন্যান্য ব্যয়ের প্রভাবও দেশের খুচরা বাজারে স্বর্ণের দামে প্রতিফলিত হচ্ছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































