ছবি : সংগৃহীত
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। ওই কেন্দ্র থেকে ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
হুথি বিদ্রোহীদের চালানো এ হামলায় তায়বাহ পাওয়ার ডিস্ট্রিবিউশন স্টেশনের একটি ট্রান্সফরমার বন্ধ হয়ে গেলেও পুরো বিদ্যুৎব্যবস্থায় কোনো প্রভাব পড়েনি।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) সৌদি-নেতৃত্বাধীন জোট এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, এ ঘটনায় বেশ কয়েকটি মুসলিম দেশ তীব্র নিন্দা জানিয়েছে।
মদিনার তায়বাহ পাওয়ার ডিস্ট্রিবিউশন স্টেশন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় বলে জানিয়েছে মিত্রবাহিনী। হামলার পর বিদ্যুৎকেন্দ্রটির একটি ট্রান্সফরমার বন্ধ হয়ে যায়।
তবে হামলার কারণে মদিনার সামগ্রিক বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে মিত্রবাহিনী। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলেও তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন<<>>ট্রাম্পের নতুন ছক, ইরানকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র
মিত্রবাহিনীর দাবি, মদিনার নবীজির (স.) মসজিদ মসজিদে নববি এবং অন্যান্য পবিত্র স্থানে বিদ্যুৎ সরবরাহকারী লাইন লক্ষ্য করে হুথিরা ধারাবাহিকভাবে হামলার চেষ্টা চালিয়ে আসছে।
সৌদি আরবের নেতৃত্বাধীন মিত্রবাহিনী জানিয়েছে, দুই পবিত্র মসজিদের নিরাপত্তা নিশ্চিত করতে হুথিদের বিরুদ্ধে তাদের অভিযান ও প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
তবে হামলার দায় স্বীকার করে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। হামলায় হতাহত বা বিদ্যুৎ সরবরাহে অন্য কোনো ক্ষতি হয়েছে কিনা, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।
মদিনা মুসলিমদের কাছে অন্যতম পবিত্র শহর এবং এখানে মসজিদে নববি অবস্থিত। শহরের বিদ্যুৎ অবকাঠামোয় হামলার ঘটনা তাই নিরাপত্তার পাশাপাশি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনাগুলোর স্বাভাবিক কার্যক্রম নিয়েও উদ্বেগ তৈরি করতে পারে। তবে মিত্রবাহিনীর দাবি অনুযায়ী, এবারের হামলায় মদিনার সামগ্রিক বিদ্যুৎব্যবস্থা সচল রয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































