Apan Desh | আপন দেশ

মোদিসহ সিইসির পদত্যাগ চায় কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:১২, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মোদিসহ সিইসির পদত্যাগ চায় কংগ্রেস

নরেন্দ্র মোদি ও জ্ঞানেশ কুমার। ছবি: সংগৃহীত

ভারতের ভোটার তালিকা বিশেষ সংশোধন প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি মানুষ বাদ পড়েছে। এ অভিযোগে দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) বৈঠকে তিনি এ দাবি জানান।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক মানুষের নাম মুছে ফেলার এ প্রক্রিয়াকে ২০১৬ সালের ‘নোটবাতিল’ বা নোটবন্দির সঙ্গে তুলনা করেন খাড়গে। একে ‘ভোটের অধিকার হরণ’ বলে আখ্যা দেন।

তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিইসির ওপর অনুচিত চাপ সৃষ্টি করছেন, তাই নৈতিক কারণে মোদির পদত্যাগ করা উচিত।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়, ভোটার তালিকায় নতুন নাম যুক্ত করা, বাদ দেয়া ও পুনর্বহালসহ নিবন্ধনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে গত ১০ মাসে নির্বাচন কমিশনের অন্য দুই কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী অন্তত ১৪ বার প্রধান নির্বাচন কমিশনারের আদেশের আনুষ্ঠানিক বিরোধিতা করেছেন। এ খবর প্রকাশ্যে আসার পরই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ায় বিরোধী দল কংগ্রেস।

আরও পড়ুন <<>> ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক 

সিডব্লিউসি বৈঠকে খাড়গে নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করতে ৫ দফা দাবি জানান। তিনি বলেন, যেসব ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাদের পূর্ণাঙ্গ তথ্য জানিয়ে আপিলের সুযোগ দিতে হবে। এছাড়া সব রাজনৈতিক দলকে সহজ বিন্যাসে নির্ভুল ভোটার তালিকার ডেটা সময়মতো সরবরাহ করতে হবে, যাতে তথ্যের কারচুপির কোনো সুযোগ না থাকে।

তরুণদের ভোটাধিকার প্রসঙ্গে খাড়গে অভিযোগ করেন, বর্তমান সরকার তরুণদের প্রশ্ন ও ক্ষমতাচ্যুতির ভয়ে তাদের ভোটের অধিকার কেড়ে নিতে ‘ফর্ম ৬’-এর নিয়মে বেআইনি পরিবর্তন এনেছে।

এ প্রসঙ্গে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর প্রশংসা করে তিনি বলেন, ‘ভোট চুরি’র বিষয়টি জনসমক্ষে এনে রাহুল নির্বাচন কমিশনের মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার লড়াই করছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়