Apan Desh | আপন দেশ

ভারত সঠিক পথে না এলে সরাসরি জবাব দেবে পাকিস্তান: শেহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:২৫, ১৪ আগস্ট ২০২৬

ভারত সঠিক পথে না এলে সরাসরি জবাব দেবে পাকিস্তান: শেহবাজ শরিফ

ছবি : সংগৃহীত

পাকিস্তানের পানির প্রতিটি ফোঁটাকে ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমারেখা হিসেবে উল্লেখ করে প্রতিবেশী ভারতকে কঠোর ভাষায় সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। 

তিনি বলেছেন, ভারত সঠিক পথে ফিরে না এলে তাদের সরাসরি জবাব দেয়া হবে। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজধানী ইসলামাবাদে নির্মিত ‘ইয়াদগার-ই-ফাতাহ’ বা বিজয় স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি।

দেশপ্রেম ও জাতীয় উদ্দীপনার মধ্য দিয়ে স্মৃতিস্তম্ভটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সামরিক বাহিনীর প্রধান (সিডিএফ) ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির যৌথভাবে এর উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এ স্মৃতিস্তম্ভ পাকিস্তানের সশস্ত্র বাহিনীর শ্রেষ্ঠত্বের প্রতীক। ‘মারকা-ই-হক’ নামের ওই সামরিক অভিযানে সফলতার জন্য ফিল্ড মার্শাল মুনির ও তার দলকে অভিনন্দন জানান তিনি। মাত্র আট মাসে অনন্য নকশার এ স্থাপনাটি নির্মাণ করা হয়েছে।

অনুষ্ঠানে দেয়া ভাষণে শেহবাজ শরিফ ভারতের প্রতি কড়া বার্তা দিয়ে স্পষ্ট করেন, পাকিস্তান এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়। তবে তাদের এ শান্তির আকাঙ্ক্ষাকে কোনোভাবেই দুর্বলতা ভাবা ঠিক হবে না। 
সশস্ত্র বাহিনীর বীরত্বের প্রশংসা করে তিনি বলেন, সামরিক বাহিনীর এই সাফল্যে পুরো জাতির মাথা উঁচু হয়েছে এবং শত্রুপক্ষকে অত্যন্ত লজ্জাজনক পরাজয় বরণ করতে হয়েছে।

ভূরাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেন, বিশ্বকে নতুন সংঘাত থেকে বাঁচাতে তার দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

উদাহরণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনায় পাকিস্তানের মধ্যস্থতা করার কথা উল্লেখ করেন। পাশাপাশি পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কথা স্মরণ করে তিনি আগামী দিনে ওয়াশিংটনের সঙ্গে আরও জোরালো সম্পর্কের আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন : ফের বাড়ল তেলের দাম

মধ্যপ্রাচ্যে শান্তির প্রতীক হিসেবে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে তুরস্কের অন্তর্ভুক্তির বিষয়টিও তুলে ধরেন শেহবাজ। এ ছাড়া আফগানিস্তানের মাটি ব্যবহার করে যেন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত না হয়, সে বিষয়ে কাবুল প্রশাসনকে সতর্ক করেন তিনি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়