Apan Desh | আপন দেশ

বিশ্ব বাজারে কমছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৩, ২৬ জুন ২০২৬

বিশ্ব বাজারে কমছে তেলের দাম

ছবি: সংগৃহীত

স্বস্তি ফিরেছে তেলের বাজারে। ইরানে ইসরায়েল ও মার্কিন আগ্রাসন বন্ধ হওয়ায় সচল হয়েছে হরমুজ প্রণালি। যার ফলে তেলবাহী জাহাজ চলাচল বৃদ্ধি পেয়েছে। যে কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ২ শতাংশ কমেছে।

শুক্রবার (২৬ জুন) গ্রিনিচ মান সময় ভোর ৪টা ২১ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪৭ ডলার বা ১ দশমিক ৯৫ শতাংশ কমে ৭৩ দশমিক ৭৯ ডলারে নেমে আসে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ৪৪ ডলার বা ২ শতাংশ কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৭০ দশমিক ৪৮ ডলারে।

এদিকে প্রায় চার মাস বন্ধ থাকার পর সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো উপসাগরীয় অঞ্চলের রাস তানুরা টার্মিনাল থেকে আবারও তেল লোডিং শুরু করেছে।

জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, সেখানে দুটি বৃহৎ তেলবাহী জাহাজে (ভিএলসিসি)  অপরিশোধিত তেল তোলা হচ্ছে এবং আরেকটি জাহাজ অপেক্ষায় রয়েছে। প্রতিটি জাহাজে প্রায় ২০ লাখ ব্যারেল তেল বহন করা সম্ভব।

স্পার্টা কমোডিটিজের জ্যেষ্ঠ তেলবাজার বিশ্লেষক জুন গোহ বলেন, হরমুজ প্রণালি দিয়ে তেলের প্রবাহ বাড়া এবং চীনের চাহিদা এখনো প্রত্যাশামতো না বাড়ায় বাজারে বিক্রির চাপ তৈরি হয়েছে।

এর আগের দিন ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত হামলার পর তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছিল। ওই ঘটনার পর জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) নিরাপদে জাহাজ সরিয়ে নেওয়ার স্বেচ্ছাসেবী কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করে।

আরও পড়ুন <<>> ফ্রান্সে বিদ্যুৎ বিভ্রাট, অন্ধকারে ৬৮ হাজার পরিবার

দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, হরমুজ প্রণালি অতিক্রমের সময় জাহাজটিতে ইরান হামলা চালিয়েছিল। যদিও ইরান বলেছে, তাদের নির্ধারিত নৌপথের বাইরে চলাচলকারী জাহাজের নিরাপত্তার দায় তারা নেবে না।

আইএনজি ব্যাংকের বিশ্লেষকদের মতে, বর্তমানে যেসব জাহাজ চলাচল করছে, তার বেশির ভাগই যুদ্ধের সময় উপসাগরে আটকে পড়েছিল। এগুলো বেরিয়ে যাওয়ার পর আবারও তেল পরিবহনের গতি কিছুটা কমে যেতে পারে।

অন্যদিকে বুধবার (২৪ জুন) ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পও তেল সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। যদিও দেশটির তেলক্ষেত্র, শোধনাগার, পাইপলাইন ও রপ্তানি টার্মিনালের প্রাথমিক মূল্যায়নে বড় ধরনের ক্ষয়ক্ষতির প্রমাণ মেলেনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়