Apan Desh | আপন দেশ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:১৮, ২৫ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ

ছবি: আপন দেশ

নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন আজও বিশ্বজুড়ে এক ভয়াবহ বাস্তবতা। প্রতিদিনই কোনো না কোনো নারী শিকার হচ্ছেন সহিংসতার, হারাচ্ছেন প্রাণ। বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী বা মেয়ে পরিবারের সদস্য কিংবা ঘনিষ্ঠজনের হাতে খুন হচ্ছেন। 

এমন উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই বুধবার (২৫ নভেম্বর) পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। 

দিবসটি ঘিরে নারীর নিরাপত্তা, অধিকার ও সহিংসতামুক্ত সমাজ গড়ার দাবি আবারও সামনে এসেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি তিনজন নারীর একজন জীবনের কোনো না কোনো সময়ে সহিংসতার শিকার হন। ২০২৪ সালের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে অন্তত ৫০ হাজার নারী ও কন্যাশিশু স্বামী, সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নিহত হয়েছেন। 

আরও পড়ুন <> পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ হলো ভোটের মাধ্যমে

অর্থাৎ প্রতিদিন গড়ে ১৩৭ জন, প্রতি ১০ মিনিটে একজন নারী বা কন্যাশিশু প্রাণ হারিয়েছেন।

এ বছর দিবসটির প্রতিপাদ্যে নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করা, তাদের সুরক্ষা দেওয়া এবং অপরাধীদের দায়মুক্তি বন্ধের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। 

জাতিসংঘ বলছে, ভয়, সামাজিক অপবাদ, বৈষম্য ও যথাযথ সহায়তার অভাবে অনেক নারী নির্যাতনের ঘটনা প্রকাশ করতে বা বিচার চাইতে পারেন না।

এদিকে নারীর প্রতি সহিংসতার নতুন বড় ক্ষেত্র হয়ে উঠেছে অনলাইন জগৎ। অনলাইনে হয়রানি, অনুসরণ, ব্যক্তিগত ছবি অনুমতি ছাড়া ছড়িয়ে দেয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভুয়া অশ্লীল ছবি তৈরি, হুমকি ও ব্ল্যাকমেইলের মতো ঘটনা বাড়ছে। এসব নির্যাতন নারীর মানসিক স্বাস্থ্য, ব্যক্তিগত সম্পর্ক ও কর্মজীবনে গুরুতর প্রভাব ফেলছে। কখনো অনলাইন নির্যাতন বাস্তব জীবনে শারীরিক সহিংসতার ঝুঁকিও তৈরি করছে।

এ ধরনের নির্যাতন ঠেকাতে হয়রানির প্রমাণ সংরক্ষণ, অপরাধীকে অবরুদ্ধ ও অভিযোগ করা, সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার এবং বিশ্বস্ত ব্যক্তির সহায়তা নেয়ার পরামর্শ দিয়েছে জাতিসংঘ। 

একই সঙ্গে নির্যাতনের শিকার নারীদের দোষারোপ না করে তাদের কথা বিশ্বাস করা এবং পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছে সংস্থাটি।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়