Apan Desh | আপন দেশ

ফ্রান্সে বিদ্যুৎ বিভ্রাট, অন্ধকারে ৬৮ হাজার পরিবার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:২৫, ২৬ জুন ২০২৬

ফ্রান্সে বিদ্যুৎ বিভ্রাট, অন্ধকারে ৬৮ হাজার পরিবার

ছবি : সংগৃহীত

রেকর্ডভাঙা তীব্র তাপপ্রবাহের কবলে পড়া ফ্রান্সে তাপমাত্রা সর্বোচ্চে পৌঁছানোর পূর্বাভাসের মধ্যেই দেশটির পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৬৮ হাজার পরিবার।

শুক্রবার (২৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। 

বুধবার (২৪ জুন) স্থানীয় সময় রাতের আগে সেখানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

ফ্রান্সের আবহাওয়া পূর্বাভাস সংস্থার তথ্যমতে, দেশের অর্ধেকেরও বেশি এলাকায় এখন ‘লাল সতর্কসংকেত’ জারি রয়েছে। বুধবার দিনশেষে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

এর আগের দিন মঙ্গলবার (২৩ জুন) ফ্রান্সের ইতিহাসে উষ্ণতম দিন রেকর্ড করা হয়, গড় তাপমাত্রা ছিল ২৯ দশমকি ৮ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লান্দেস অঞ্চলের পিসোস গ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লা রোশেল শহরে স্থানীয় সময় ভোর ৫টাতেই তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড গরম থেকে বাঁচতে গিয়ে সম্প্রতি কয়েকদিনে ফ্রান্সে পানিতে ডুবে অন্তত ৪০ জনের মৃত্যুও হয়েছে। প্যারিস থেকে শুরু করে ব্রিটানি পর্যন্ত দেশের পশ্চিমাঞ্চলের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা ৩৯-৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, যা এ সপ্তাহের শেষ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বোর্দো শহরে টানা ৩ দিনের মতো ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা ভাঙার রেকর্ড তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে ২০২৫ সালের ১১ অগাস্ট শহরটিতে সর্বোচ্চ ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। কিন্তু চলমান তাপপ্রবাহের মধ্যে সোমবার সেখানে ৪১ দশমিক ৮ ডিগ্রি এবং মঙ্গলবার ৪২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

শুক্রবার থেকে গরম কিছুটা কমতে পারে এবং সপ্তাহান্তে তাপমাত্রা ধীরে ধীরে কমার পূর্বাভাস রয়েছে। তবে এই আবহাওয়া পরিবর্তনের সঙ্গে বজ্রঝড়, আকস্মিক বন্যা এবং বড় ধরনের শিলাবৃষ্টিও হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

তীব্র গরমের প্রভাব পড়েছে রাজধানী প্যারিসের ঐতিহাসিক পর্যটন কেন্দ্রগুলোতেও। ল্যুভ জাদুঘর চলতি সপ্তাহের শুরুর দিকে দ্বার আগেভাগেই বন্ধ করার ঘোষণা দিয়েছে। 

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ঐতিহাসিক ভবন অত্যন্ত নাজুক এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে এটি পুরোপুরি মানিয়ে নেওয়ার উপযোগী নয়।

দিনের শেষে দর্শনার্থীদের ভিড়ের কারণে ভবনের ভেতরে গরম আরও বেড়ে যায়। তাছাড়া আইফেল টাওয়ারও মঙ্গলবার ও বুধবার স্বাভাবিক সময়ের তুলনায় আগে বন্ধ করা হচ্ছে। 

কর্তৃপক্ষ সতর্ক করেছে, তীব্র দাবদাহের কারণে দাবানলের ঝুঁকি অনেক বেড়ে গেছে। মঙ্গলবার একটি বনে এক ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ১৫০ জনেরও বেশি দমকলকর্মী কাজ করেছেন। 

দাবদাহ ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে। নেদারল্যান্ডসের কিছু অংশে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি রয়েছে। যুক্তরাজ্যের কিছু অংশে রেড অ্যালার্ট জারি আছে। বৃহস্পতিবার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস রয়েছে। ইংল্যান্ড ও ওয়েলেসের অন্তত ১ হাজার স্কুল সম্পূর্ণ বা আংশিক বন্ধ ঘোষণা করা হয়েছে।

জার্মানিতে বেশ কয়েক দিন ধরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ৪০ ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জার্মানিতে পাঁচজনের মৃত্যু হয়েছে তাপপ্রবাহে। ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরেও পরিষেবা ব্যাহত হচ্ছে।

তাপপ্রবাহের কারণে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটির ১৫টি শহরে সর্বোচ্চ সতর্কবার্তা (রেড অ্যালার্ট) জারি করেছে। সেইসঙ্গে কিছু নির্দিষ্ট খাতে কাজের সময় কমানো বা সাময়িকভাবে কাজ স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement