ছবি : সংগৃহীত
রাজনৈতিক সংকটের মুখে পদত্যাগ করেছেন লাটভিয়ার প্রধানমন্ত্রী এভিকা সিলিনা। বৃহস্পতিবার (১৪ মে) তিনি এ ঘোষণা দেন।
শুক্রবার (১৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
মূলত ড্রোন অনুপ্রবেশের ঘটনায় নিজ মন্ত্রিসভার প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করাকে কেন্দ্র করেই এই জটিলতা তৈরি হয়।
গত সপ্তাহে ইউক্রেনের তিনটি ড্রোন লক্ষ্যভ্রষ্ট হয়ে লাটভিয়ার সীমানায় ঢুকে পড়ে। এর মধ্যে একটি ড্রোন একটি তেলের গুদামে আঘাত হানে। যদিও এতে কেউ হতাহত হয়নি, তবে স্থানীয় বাসিন্দারা সরকারের ধীরগতির প্রতিক্রিয়ায় ক্ষোভ জানান।
ড্রোনগুলো মূলত রাশিয়ার দিকে পাঠানোর কথা ছিল। কিন্তু সিগন্যাল জ্যাম হওয়ার কারণে সেগুলো লাটভিয়ায় চলে আসে।
এ ঘটনায় নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী সিলিনা তার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রিস স্প্রুডসকে বরখাস্ত করেন। প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তের প্রতিবাদে স্প্রুডসের রাজনৈতিক দল সরকার থেকে সমর্থন তুলে নেয়। এর ফলে আগামী অক্টোবরের সাধারণ নির্বাচনের আগেই বর্তমান শাসক জোটটি ভেঙে পড়ে এবং প্রধানমন্ত্রী পদত্যাগের সিদ্ধান্ত নেন।
পদত্যাগের ঘোষণা দিয়ে সিলিনা জানান, দেশের প্রতিরক্ষা খাতের পরিস্থিতির উন্নতির জন্যই তিনি কড়া পদক্ষেপ নিয়েছিলেন। তিনি উল্লেখ করেন যে লাটভিয়া তার বাজেটের একটি বড় অংশ (৫%) প্রতিরক্ষায় খরচ করে, তাই নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেয়া সম্ভব নয়।
আরও পড়ুন : সৌদি পৌঁছেছেন ৫৬৬৫৯ জন বাংলাদেশি হজযাত্রী
লাটভিয়ার রাষ্ট্রপতি এডগার্স রিঙ্কেভিকস জানান, দ্রুততম সময়ের মধ্যে নতুন সরকার গঠনের বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। ২০২৩ সালে দায়িত্ব নেওয়া সিলিনার সরকার শুরু থেকেই রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন দিয়ে আসছিল। রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন নিয়ে লাটভিয়া বর্তমানে বেশ সতর্ক অবস্থানে রয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































