ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম জোরালোভাবে আলোচনায় এসেছে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসেনি। শুক্রবার (০৮ মে) কলকাতায় বিজেপির বিধায়ক দলের বৈঠক বসবে। ধারণা করা হচ্ছে, ওই বৈঠকেই জানা যাবে কে হচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির দলীয় সূত্রের বরাতে জানিয়েছে, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বড় জয় পাওয়ার পর বিজেপি শুভেন্দু অধিকারীকেই বিধায়ক দলের নেতারা নির্বাচিত করতে পারে।
সূত্র জানিয়েছে, বৈঠকে হাত তুলে সমর্থনের মাধ্যমে শুভেন্দু অধিকারীকে নেতা নির্বাচিত করা হবে। বিজেপির রাজ্য সভাপতি সামিক ভট্টাচার্য তার নাম প্রস্তাব করবেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করবেন।
এরপর শুভেন্দু অধিকারী, সামিক ভট্টাচার্য এবং বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসাল রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাবেন।
বিজেপি সূত্র আরও জানিয়েছে, শনিবার (০৯ মে) শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। দিনটি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী ‘রবীন্দ্র জয়ন্তী’র সঙ্গে মিলে যাওয়ায় অনুষ্ঠানের বিশেষ গুরুত্ব থাকছে।
আরও পড়ুন <<>> পশ্চিমবঙ্গজুড়ে বিজেপির তাণ্ডব, ভাঙচুর-আগুন
অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া বিজেপি ও শরিক দলগুলোর শীর্ষ নেতাসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকতে পারেন।
এর আগে অমিত শাহ বলেছিলেন, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন এমন একজন, যিনি বাঙালি, বাংলায় জন্মেছেন, বাংলা মাধ্যমে পড়াশোনা করেছেন এবং বাংলা ভাষায় কথা বলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শুভেন্দু অধিকারী সে মানদণ্ডের সঙ্গে পুরোপুরি মিলে যান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































