Apan Desh | আপন দেশ

আমিরাতের উপকূলের নিয়ন্ত্রণ নিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৫৫, ৫ মে ২০২৬

আমিরাতের উপকূলের নিয়ন্ত্রণ নিলো ইরান

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় অঞ্চলের একটি বড় অংশ নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে ইরান। এ দাবি তুলে ধরে দেশটি একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে। মঙ্গলবার (০৫ মে) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন মানচিত্রে ইরান তাদের সমুদ্রসীমা সম্প্রসারণের দাবি দেখিয়েছে। লাল রেখা দিয়ে চিহ্নিত এ এলাকা কৌশলগত হরমুজ প্রণালি পেরিয়ে আমিরাতের উপকূলের বিস্তীর্ণ অংশ পর্যন্ত বিস্তৃত।

ইরানের দাবি করা এ অঞ্চলের মধ্যে আমিরাতের গুরুত্বপূর্ণ ফুজাইরা ও খোরফাক্কান বন্দরও অন্তর্ভুক্ত রয়েছে। ওমান উপসাগরের তীরে অবস্থিত এ দুটি বন্দর বর্তমান সংঘাতের সময় বিশেষ গুরুত্ব পেয়েছে। হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প পথে পণ্য ও জ্বালানি পরিবহনে এগুলো ব্যবহার করছে আমিরাত।

বিশেষ করে ফুজাইরা বন্দর দেশটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আবুধাবি ক্রুড অয়েল পাইপলাইনের শেষ প্রান্তে অবস্থিত। দেশের বিভিন্ন খনি থেকে অপরিশোধিত তেল সরাসরি এ বন্দরে আনা হয়। এর ফলে সংকটকালেও বিশ্ববাজারে তেল সরবরাহ সচল রাখা সম্ভব হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরান যদি এ বন্দর দুটির প্রবেশপথ নিয়ন্ত্রণে নিতে পারে, তাহলে তা কার্যত আমিরাতের ওপর পূর্ণাঙ্গ নৌ-অবরোধের শামিল হবে।

এদিকে হরমুজ প্রণালির পরিস্থিতিও উত্তেজনাপূর্ণ রয়েছে। সোমবার (০৪ মে) যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি গোলাগুলির পর মঙ্গলবার সেখানে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।

আরও পড়ুন <<>> মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করছেন না মমতা ব্যানার্জি

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের নিরাপত্তায় দুটি মার্কিন বাণিজ্যিক জাহাজ প্রণালি অতিক্রম করেছে। তবে ঠিক কখন এ পারাপার হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

অন্যদিকে ইরান এ ধরনের কোনো জাহাজ চলাচলের দাবি অস্বীকার করেছে। তবে আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠান মায়েরস্ক জানিয়েছে, সোমবার মার্কিন পতাকাবাহী জাহাজ ‘অ্যালায়েন্স ফেয়ারফ্যাক্স’ যুক্তরাষ্ট্রের সামরিক পাহারায় পারস্য উপসাগর ত্যাগ করেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়