ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানে ভোট গণনাকেন্দ্রে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তৃণমূল যুব নেতা সৌভিক পান আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (০৪ মে) বর্ধমান শহরের গোলাপবাগ ইউটিআই কলেজের গণনাকেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ভোট গণনা চলাকালে একটি বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, ওই সময় বিজেপি কর্মীরা সৌভিক পানকে ঘিরে ধরে মারধর করেন। এতে তার চোখের নিচে গুরুতর আঘাত লাগে এবং রক্তক্ষরণ শুরু হয়।
ঘটনার পর গণনাকেন্দ্রে কিছু সময়ের জন্য উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাময়িকভাবে গণনা কার্যক্রমও ব্যাহত হয়। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত সৌভিক পানকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
আরও পড়ুন <<>> হরমুজে প্রবেশের চেষ্টা করলে হামলা চালাবে ইরান
তৃণমূল কংগ্রেস এ ঘটনাকে পরিকল্পিত হামলা বলে দাবি করেছে। দলের স্থানীয় নেতারা অভিযোগ করেন, গণনা প্রক্রিয়ায় প্রভাব ফেলতেই তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।
অন্যদিকে বিজেপি এ অভিযোগ অস্বীকার করেছে। দলটির দাবি, তৃণমূল কর্মীরাই প্রথমে উত্তেজনা সৃষ্টি করে এবং পরে পাল্টা পরিস্থিতি তৈরি হয়।
ঘটনাকে কেন্দ্র করে বর্ধমান শহরে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গণনাকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































