ছবি: সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিবৃতিতে ইরানকে শান্তিপ্রিয় দেশ হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, ইরান কোনো যুদ্ধ চায় না। তাদের বর্তমান পদক্ষেপগুলো কেবল আত্মরক্ষার জন্য নেয়া হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান কখনো কোনো রাষ্ট্রকে আক্রমণ করেনি। বর্তমানেও কারও ওপর আক্রমণের কোনো অভিপ্রায় নেই। তার মতে, ইরানের প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ আত্মরক্ষা।
মাসুদ পেজেশকিয়ান বলেন, যেকোনো সাধারণ মানুষ যেমন আগ্রাসনের মুখে রুখে দাঁড়ায়, একটি রাষ্ট্র হিসেবেও ইরান ঠিক সেভাবেই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করছে।
আরও পড়ুন <<>> অর্ধকোটি টাকার সিগারেট পাচারের সময় বাংলাদেশি আটক
বক্তব্যের এক পর্যায়ে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কড়া সমালোচনা করেন। তিনি বেসামরিক অবকাঠামোতে হামলার অভিযোগ তোলেন। এ ধরনের কর্মকাণ্ডকে তিনি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি এটিকে মানবাধিকারের ক্ষেত্রে পশ্চিমা বিশ্বের দ্বিমুখী নীতির প্রমাণ হিসেবে অভিহিত করেন।
ইরানি সংবাদ সংস্থা ইসলামিক স্টুডেন্টস নিউজ এজেন্সি জানায়, পেজেশকিয়ান আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তির প্রতি ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বিশ্ববাসীকে জানান, ইরানকে যুদ্ধকামী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা ভুল। বরং দেশটি নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































